জ্যোতিদের ব্যাটিং ভালো হলো তাই জিতল বাংলাদেশ

টানা দুই ম্যাচ হেরে যখন টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছিল, ঠিক তখনই ঘুরে দাঁড়াল বাংলাদেশ নারী ক্রিকেট দল। ত্রিদেশীয় সিরিজে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ৩৪ রানের দারুণ জয় তুলে নিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। 

এডিনবরায় টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তবে শুরুতেই ২৩ রানে ২ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে দল। সেই বিপর্যয় সামাল দেন দুর্দান্ত ফর্মে থাকা অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। এর আগের দুই ম্যাচে অপরাজিত ৪৬ ও ৭৭ রান করা জ্যোতি আজ ৪৭ বলে ৫৮ রানের এক দায়িত্বশীল ইনিংস খেলেন, যা সাজানো ছিল ৬টি চার ও ১টি ছক্কায়। চতুর্থ উইকেটে সোবহানা মোস্তারির (৩৯) সঙ্গে ৬০ বলে ৭৭ রানের মূল্যবান জুটি গড়ে দলকে চ্যালেঞ্জিং স্কোর এনে দেন তিনি। শেষ দিকে স্বর্ণা আক্তারের ২০ রানের ওপর ভর করে ২০ ওভারে ৬ উইকেটে ১৫২ রান সংগ্রহ করে বাংলাদেশ।

১৫৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের শুরুতেই বিপদে পড়ে স্কটল্যান্ড। স্কোরবোর্ডে মাত্র ১ রান তুলতেই তারা হারিয়ে ফেলে ২ উইকেট। মারুফা আক্তার ও সানজিদা আক্তার মেঘলার নিয়ন্ত্রিত বোলিংয়ের পর স্কটিশ মিডল অর্ডারে ধস নামান রিতু মণি। স্কটল্যান্ডের পক্ষে সারা ব্রিস সর্বোচ্চ ৪০ রান করলেও তা জয়ের জন্য যথেষ্ট ছিল না। মাত্র ১২ রান খরচায় ৪ উইকেট শিকার করে ম্যাচ বাংলাদেশের নিয়ন্ত্রণে নেন রিতু। শেষ পর্যন্ত ১৯ ওভারে ১১৮ রানেই অলআউট হয় স্বাগতিকরা। মারুফা ও মেঘলা নেন ২টি করে উইকেট।

৩ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে নেট রান রেটের সমীকরণে টেবিলের তলানি থেকে দুই নম্বরে উঠে এসেছে বাংলাদেশ। ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে স্কটল্যান্ড এবং বাংলাদেশের সমান ২ পয়েন্ট থাকলেও রান রেটে পিছিয়ে তিনে রয়েছে নেদারল্যান্ডস।

চ্যাম্পিয়ন হওয়ার সমীকরণ এখন বেশ জটিল। ট্রফি জিততে হলে আগামী বৃহস্পতিবার নিজেদের শেষ ম্যাচে নেদারল্যান্ডসকে তো হারাতেই হবে, পাশাপাশি প্রার্থনা করতে হবে যেন ডাচরা তাদের পরের ম্যাচে  (কাল, বুধবার) স্কটল্যান্ডকে যেনো হারিয়ে দেয়। ডাচদের বিপক্ষে স্কটিশরা জিতে গেলেই তারা চ্যাম্পিয়ন হয়ে যাবে।