২০২৬ ফিফা বিশ্বকাপ শুরুর ঠিক আগমুহূর্তে বড়সড় ধাক্কা খেল সুইজারল্যান্ড ফুটবল দল। দলের অন্যতম প্রধান ফরোয়ার্ড ব্রিল এমবোলোর মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশাধিকার বা ‘ভিসা ছাড়পত্র’ আকস্মিকভাবে স্থগিত করায় দলের সঙ্গে তিনি বিমানে উঠতে পারেননি। সুইজারল্যান্ডের পুরো দল যখন জুরিখ থেকে লস অ্যাঞ্জেলেসের উদ্দেশ্যে উড়াল দেয়, তখন এই তারকা স্ট্রাইকারকে একাই দেশে থেকে যেতে হয়েছে।
সুইস ফুটবল অ্যাসোসিয়েশন নিশ্চিত করেছে যে, দেশ ছাড়ার মাত্র কয়েক ঘণ্টা আগে মার্কিন কর্তৃপক্ষ এমবোলোর ইলেকট্রনিক সিস্টেম ফর ট্রাভেল অথরাইজেশন বা অনলাইন ভ্রমণ অনুমোদনটি নতুন করে পর্যালোচনার তালিকায় রেখে দেয়। যার ফলে সাময়িকভাবে তার বিমান চড়ার ছাড়পত্র বাতিল হয়ে যায়।
সুইস ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে জানায়, 'দুর্ভাগ্যবশত, ব্রিল এমবোলো এই মুহূর্তে দলের সঙ্গে যুক্তরাষ্ট্রে ভ্রমণ করতে পারছেন না। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় আমাদের জানানো হয় যে, তার ‘এস্টা’ আবেদনটি মার্কিন প্রশাসন পুনরায় খতিয়ে দেখছে। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি এবং আশা করছি দ্রুতই সমস্যার সমাধান হবে। আজকের মধ্যে বা বড়জোর আগামীকালের মধ্যে সে ছাড়পত্র পেয়ে দলের সঙ্গে যোগ দিতে পারবে।'
কঠোর মার্কিন স্ক্রিনিং ও এমবোলোর অতীত রেকর্ড
মার্কিন প্রশাসন এমবোলোর ভ্রমণ নথি আটকে দেওয়ার কোনো আনুষ্ঠানিক কারণ দেখায়নি। তবে হোয়াইট হাউসের ওয়ার্ল্ড কাপ টাস্ক ফোর্সের প্রধান অ্যান্ড্রু জুলিয়ানি এর আগে জানিয়েছিলেন, বিশ্বকাপে অংশ নিতে আসা প্রতিটি দেশের খেলোয়াড়, কোচ ও স্টাফদের কঠোর নিরাপত্তা যাচাইয়ের মধ্য দিয়ে যেতে হচ্ছে। তিনি স্পষ্ট করে বলেছিলেন, "ভিসা সংক্রান্ত প্রতিটি সিদ্ধান্ত আমাদের জাতীয় নিরাপত্তার অংশ।"
ধারণা করা হচ্ছে, ২৯ বছর বয়সী এই সুইস ফরোয়ার্ডের অতীত কিছু শৃঙ্খলাভঙ্গ ও আইনি জটিলতার কারণেই তার ফাইলটি আটকে গেছে। এর আগে:
২০২১ সালে করোনার কড়া বিধিনিষেধের মাঝে জার্মানির এক পার্টিতে অংশ নিয়ে সমালোচিত হন তিনি (জার্মান মিডিয়ার দাবি ছিল, পুলিশ দেখে তিনি বাথটাবের ভেতর লুকিয়েছিলেন)।
২০১৮ সালের এক সড়ক বিরোধে হুমকি দেওয়ার অপরাধে সুইজারল্যান্ডের একটি আদালত তাকে বড় অঙ্কের জরিমানা করে।
২০২৪ সালে: ভুয়া কোভিড টেস্ট সার্টিফিকেট জালিয়াতির একটি তদন্তের সাথেও তার নাম জড়িয়েছিল।
সুইজারল্যান্ড দলের মূল ভরসা
ভিসা জটিলতায় পড়লেও সুইজারল্যান্ড দলের আক্রমণভাগের সবচেয়ে বড় অস্ত্র এমবোলো। দেশের হয়ে ৮৬ ম্যাচে ২৪ গোল করা এই স্ট্রাইকারের এটি ক্যারিয়ারের তৃতীয় বিশ্বকাপ। এবারের বিশ্বকাপে 'ই' গ্রুপে সুইজারল্যান্ডের প্রতিপক্ষ হিসেবে রয়েছে স্বাগতিক কানাডা, বসনিয়া ও হার্জেগোভিনা এবং কাতার।