বাংলাদেশি ডানহাতি পেসার হাসান মাহমুদ এই মৌসুমে ইংলিশ কাউন্টি ক্রিকেটের দল কেন্ট কাউন্টি ক্রিকেট ক্লাবে যোগ দিতে যাচ্ছেন। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে এই তথ্য নিশ্চিত করেছেন হাসানের এজেন্ট ইহসান সৈয়দ-হুসাইন। ভিসা জটিলতা কেটে গেলে আগামী ১২ জুন ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে ম্যাচ দিয়েই কেন্টের হয়ে হাসানের মাঠে নামার কথা রয়েছে। এর আগে বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান কাউন্টি ক্রিকেটে ওস্টারশায়ার এবং সারের হয়ে খেলেছিলেন।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলার সময় টেনিস এলবো ইনজুরিতে পড়ে পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজ মিস করেছিলেন হাসান। এরপর তিনি ইনজুরির পুনর্বাসন (রিহ্যাব) অংশ হিসেবে ইংল্যান্ডে যান এবং সেখানে কেন্টের প্রধান কোচ অ্যাডাম হোলিওকের তত্ত্বাবধানে তাদের সুযোগ-সুবিধা ব্যবহার করে অনুশীলন শুরু করেন।
বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক ও হাসানের এজেন্ট ইহসান জানান, এই চুক্তিটি হঠাৎ করে হয়নি। ভারতের বিপক্ষে হাসানের পাঁচ উইকেট শিকারের পর থেকেই তিনি কেন্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ শুরু করেন। কেন্টের অধিনায়ক ও ম্যানেজমেন্টের সঙ্গে সুসম্পর্ক থাকায় তিনি হাসানকে দলে নেওয়ার প্রস্তাব দেন। গত ২০২৫ মৌসুমেও কেন্ট তাকে দলে নিতে ভীষণ আগ্রহী ছিল, কিন্তু সে সময় শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের বিপক্ষে জাতীয় দলের খেলা থাকায় সেটি সম্ভব হয়নি।
চলতি মৌসুমের শুরুতে কেন্ট আবারও আগ্রহ দেখালেও দুটি বড় বাধা ছিল—প্রথমত, বাংলাদেশের পরিবর্তনশীল ক্রিকেট সূচি এবং দ্বিতীয়ত, কেন্টের বিদেশি কোটা পূর্ণ থাকা। তবে হাসান রিহ্যাবের জন্য ইংল্যান্ডে আসার পর কেন্টের সুযোগ-সুবিধা ব্যবহার করে যখন বোলিং করছিলেন, তখন কেন্ট ম্যানেজমেন্ট তাকে সরাসরি দেখার সুযোগ পায়। ঠিক একই সময়ে কেন্টের একজন বিদেশি খেলোয়াড়ের কোটা খালি হয়ে যাওয়ায় চুক্তিটি চূড়ান্ত রূপ নেয়।
চুক্তি অনুযায়ী হাসান জুন মাসে কেন্টের হয়ে দুটি ম্যাচ খেলবেন। চলতি মাসে দুটি কাউন্টি ম্যাচ খেলবেন হাসান। জুলাই-আগস্টে নির্বাচিত হলে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ, এরপর কলম্বো ক্যাপসের হয়ে লঙ্কা প্রিমিয়ার লিগ এবং সবশেষে বাংলাদেশের হয়ে অস্ট্রেলিয়া সফর করবেন হাসান।
সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ শেষ করে পুনরায় ইংল্যান্ডে ফিরে কেন্টের হয়ে বাকি ৪টি কাউন্টি ম্যাচ খেলবেন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশনস ইন-চার্জ শাহরিয়ার নাফিস ক্রিকবাজকে হাসানের অনাপত্তিপত্র প্রসঙ্গে বলেন, "জাতীয় দলের খেলায় কোনো প্রভাব না পড়লে হাসান বা যেকোনো ক্রিকেটারের এমন সুযোগের ক্ষেত্রে আমাদের পক্ষ থেকে কোনো বাধা নেই।"
২৬ বছর বয়সী হাসান মাহমুদ বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত ১৩টি টেস্ট খেলে ৩৬টি উইকেট শিকার করেছেন (যার মধ্যে দুবার ৫ উইকেট ও একবার ৪ উইকেট রয়েছে)। এছাড়া সীমিত ওভারের ক্রিকেটে ২৬টি ওয়ানডেতে ৩৩টি এবং ২৬টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে ২৮টি উইকেট রয়েছে হাসানের ঝুলিতে।