মেসির মতোই পেনাল্টি সুবিধা এবার রোনালদো পাবে! আর্জেন্টিনা দলকে খোঁচা মেরে এক বিস্ফোরক মন্তব্য করেছেন উরুগুয়ের সাবেক অধিনায়ক দিয়েগো লুগানো। কাতার বিশ্বকাপে লিওনেল মেসির আর্জেন্টিনা যেভাবে পেনাল্টি সুবিধা পেয়েছিল, এবার মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালও ঠিক একই রকম সুবিধা পাবে বলে দাবি করেছেন তিনি। আর এই কারণেই পর্তুগালকে এবারের বিশ্বকাপের অন্যতম ফেভারিট হিসেবে বেছে নিয়েছেন এই সাবেক ডিফেন্ডার।
ইএসপিএন-এর একটি অনুষ্ঠানে আসন্ন বিশ্বকাপে আর্জেন্টিনার কাছ থেকে শিরোপা কেড়ে নেওয়ার মতো দল কোনগুলো—এমন প্রশ্নের জবাবে উরুগুয়ের হয়ে দুটি বিশ্বকাপ খেলা ৪৫ বছর বয়সী লুগানো বলেন, 'মনে হয় ব্রাজিল... তাদের নিয়ে অনেক কথা হচ্ছে। ল্যাটিন আমেরিকার দলগুলোর মধ্যে তাদের নিয়েই প্রত্যাশা সবচেয়ে বেশি এবং তারা ধীরে ধীরে নিজেদের চেনা ছন্দে ফিরছে। তাই নিঃসন্দেহে আমি ব্রাজিলকে বেছে নেব।'
অনুষ্ঠানের বাকি সাংবাদিকরা যখন সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবে স্পেন, ফ্রান্স ও পর্তুগালের নাম যোগ করেন, তখন লুগানো পর্তুগালকে নিয়ে এক বিতর্কিত মন্তব্য করে বসেন। মুচকি হেসে সাবেক পিএসজি ও ফেনারবাচে তারকা বলেন, 'আমি পর্তুগালকে একটু বেশি এগিয়ে রাখব। কারণ কাতার ২০২২ বিশ্বকাপে মেসি যেভাবে পেনাল্টি পেয়েছিল, এবার ক্রিশ্চিয়ানো রোনালদোও তেমন পেনাল্টি সুবিধা পাবে। এটাই বাস্তবতা। তা ছাড়া পর্তুগাল দলটির গুণগত মানও চমৎকার। এই সব রসদ আর ইতিবাচক শক্তি মিলিয়ে এবার তাদের বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার ভালো সম্ভাবনা রয়েছে।'
কাতারে আর্জেন্টিনার পাওয়া পেনাল্টি নিয়ে লুগানোর এমন খোঁচা অবশ্য এবারই প্রথম নয়। এর আগে ২০২৩ সালের মে মাসেও উরুগুয়ের এক রেডিও সাক্ষাৎকারে তিনি দাবি করেছিলেন যে, লিওনেল স্কালোনির দলকে বিশ্বকাপ জেতাতে রেফারিরা অনৈতিক সাহায্য করেছিলেন। সে সময় তিনি বলেছিলেন, টুর্নামেন্টে আর্জেন্টিনার পাওয়া ৫টি পেনাল্টির মধ্যে ৪টিই ছিল পুরোপুরি জোরপূর্বক দেওয়া।
আর্জেন্টিনাকে খোঁচা দিলেও নিজের দেশ উরুগুয়ের বর্তমান কোচ মার্সেলো বিয়েলসাকে প্রশংসায় ভাসিয়েছেন ২০১১ কোপা আমেরিকা জয়ী এই কিংবদন্তি। বিয়েলসার অধীনে উরুগুয়ে ফুটবল ভিন্ন উচ্চতায় পৌঁছাবে এবং আন্তর্জাতিক অঙ্গনে ভালো অবস্থানে যাবে বলে মনে করেন লুগানো।
এবারের বিশ্বকাপে উরুগুয়ে খেলবে 'এইচ' গ্রুপে। আগামী ১৫ জুন মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ মিশন শুরু হবে। ২১ জুন দ্বিতীয় ম্যাচে কেপ ভার্দে এবং ২৬ জুন গ্রুপ পর্বের শেষ ম্যাচে মেক্সিকোর গুয়াদালাহারায় স্পেনের মুখোমুখি হবে উরুগুয়ে।