সাতক্ষীরায় বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি আহত

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বসন্তপুর সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নাগরিক গুরুতর আহত হয়েছেন। বুধবার (০৩ জুন) রাত আনুমানিক দুইটার দিকে সীমান্তসংলগ্ন কালিন্দী নদী এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন- কালিগঞ্জ উপজেলার শীতলপুর গ্রামের মো. গোলাম রাব্বানীর ছেলে মো. মহিউদ্দিন (৪২) এবং একই গ্রামের মৃত খাজের আলী সরদারের ছেলে মো. শাহীন (২৮)। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, আহত দুই ব্যক্তি প্রায় এক বছর আগে কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। পরবর্তী সময়ে তারা কলকাতার হাওড়া হয়ে তামিলনাড়ু রাজ্যে অবস্থান নেন এবং সেখানে রাজমিস্ত্রির শ্রমিক হিসেবে কাজ শুরু করেন। বুধবার গভীর রাতে তারা পুনরায় অবৈধভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ফেরার চেষ্টা করছিলেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বসন্তপুর সীমান্তসংলগ্ন বাঁশঝাড়িয়া এলাকা দিয়ে কালিন্দী নদী সাঁতরে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করার সময় ভারতের সীমান্তরক্ষা বাহিনী (বিএসএফ) তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে দুজনই গুলিবিদ্ধ হয়ে গুরুতর জখম হন।

পরবর্তীকালে স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে রাত সোয়া তিনটার দিকে দ্রুত কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাদের শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের সাতক্ষীরা সদর হাসপাতালে স্থানান্তর করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল হোসেন জানান, প্রাথমিকভাবে জানা গেছে যে তারা অবৈধভাবে সীমান্ত পারাপার করতে গিয়ে বিএসএফের গুলির শিকার হয়েছেন। খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন, সীমান্ত এলাকায় প্রায়ই এমন অনাকাঙ্ক্ষিত গুলির ঘটনা ঘটে। সীমান্তে প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার বন্ধের জন্য মানবাধিকার সংগঠনগুলো দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসলেও এর স্থায়ী কোনো সমাধান মিলছে না।