কুমিল্লা

জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা মুরাদনগরের নাজনীন

কুমিল্লা জেলায় প্রাথমিক শিক্ষায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা (মহিলা) নির্বাচিত হয়েছেন মীর হাছিনা নাজনীন। তিনি জেলার মুরাদনগর উপজেলার সাতমোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হিসেবে কর্মরত আছেন।

মঙ্গলবার (২ জুন) কুমিল্লা জেলা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মো. রেজা হাসান এবং সদস্য সচিব জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনছুর আলী চৌধুরীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এর আগে গত মে মাসে তিনি মুরাদনগর উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা (মহিলা) নির্বাচিত হয়েছিলেন।

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা (সরকারি প্রাথমিক বিদ্যালয়) ক্যাটাগরিতে জেলা বাছাই কমিটির যাচাই-বাছাই ও গুণগত মানদণ্ডের ভিত্তিতে তাকে এ সম্মাননা প্রদান করা হয়। বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নয়ন, ডিজিটাল ক্লাসরুম নিশ্চিতকরণ, ঝরে পড়া শিক্ষার্থী রোধ এবং প্রশাসনিক দক্ষতায় বিশেষ অবদান রাখায় তিনি এই গৌরব অর্জন করেন।

জানা যায়, ২০১৩ সালে সাতমোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষিকা হিসেবে কর্মজীবন শুরু করেন মীর হাছিনা নাজনীন। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি প্রশাসনিক প্রশিক্ষণসহ শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করেন এবং কার্যকর ভূমিকা পালন করে আসছেন।

এর আগেও ২০২৪ সালে তিনি উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা হিসেবে নির্বাচিত হন। এছাড়া জেলা ও উপজেলা পর্যায়ে মাস্টার ট্রেইনার হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

কয়েকজন শিক্ষার্থীর অভিভাবকের সঙ্গে কথা বলে জানা গেছে, বিদ্যালয়ের শিক্ষার্থীরা লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রমে সুনামের সঙ্গে ভালো ফলাফল অর্জন করে আসছে। দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নের পাশাপাশি অবকাঠামোগত ও পারিপার্শ্বিক উন্নয়নে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছেন।

এই অর্জনে প্রধান শিক্ষিকা মীর হাছিনা নাজনীন বিদ্যালয়ের সকল সহকর্মী, শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘এই সম্মাননা আমার দায়িত্ববোধ আরও বাড়িয়ে দিয়েছে। শিক্ষার মানকে আরও উন্নত পর্যায়ে নিয়ে যেতে আমি ভবিষ্যতেও আন্তরিকভাবে কাজ করে যাব।’