৪ বছর পর ওয়ানডে দলে সৈকত

ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত এ দলে সবচেয়ে বড় চমক অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকতের প্রত্যাবর্তন। প্রায় সাড়ে তিন বছরেরও বেশি সময় পর জাতীয় দলে ফিরলেন তিনি। সর্বশেষ ২০২২ সালের আগস্টে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে এবং একই বছরের নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের জার্সিতে মাঠে নেমেছিলেন মোসাদ্দেক।

মোসাদ্দেকের সঙ্গে ওয়ানডে স্কোয়াডে ফিরেছেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান নুরুল হাসান সোহান। এই দুজনের অন্তর্ভুক্তিতে দল থেকে বাদ পড়েছেন আফিফ হোসেন ধ্রুব ও মাহিদুল ইসলাম অঙ্কন। মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে আগামী ৯ জুন মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। একই মাঠে পরের দুটি ওয়ানডে অনুষ্ঠিত হবে ১১ ও ১৪ জুন। এরপর দুদল তিন ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজও খেলবে।

প্রধান নির্বাচক হাবিবুল বাশার দায়িত্ব নেওয়ার পর থেকেই দাবি করে আসছিলেন যে, পর্যাপ্ত সুযোগ না দিয়ে কাউকে দল থেকে বাদ দেওয়া হবে না। তবে আফিফ জাতীয় দলে ফেরার পর মাত্র ৪টি ওয়ানডে খেলার সুযোগ পান, যার শেষটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে করেন ৪৯ বলে ২৭ রান। অন্যদিকে মাহিদুল ইসলাম অঙ্কন দীর্ঘদিন দলের সঙ্গে থাকলেও এক ম্যাচও খেলার সুযোগ না পেয়ে বেঞ্চেই কাটিয়েছেন।

এই দুজনের বাদ পড়ার পেছনে কৌশলগত কারণ বা ‘ট্যাকটিক্যাল’ পরিবর্তনকে দায়ী করেছেন প্রধান নির্বাচক। হাবিবুল বাশার বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে অঙ্কনকে আমরা খুব বেশি সুযোগ দিতে পারিনি। আফিফকেও যে পর্যাপ্ত সুযোগ দিয়েছি সেটাও বলতে পারব না। সে আরেকটু সময় পেতে পারত। তবে এই মুহূর্তে আমরা কিছু ট্যাকটিক্যাল চিন্তাভাবনা থেকে এই পরিবর্তন এনেছি।’

যে কারণে ফিরলেন মোসাদ্দেক ও সোহান : দীর্ঘদিন পর দলে ফেরা মোসাদ্দেক হোসেন ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করেই নির্বাচকদের নজর কেড়েছেন। চলতি ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) আবাহনীকে নেতৃত্ব দেওয়া এই অলরাউন্ডার এখন পর্যন্ত ছয় ইনিংসে ৭৭.৫০ গড় ও ১২৯.১৭ স্ট্রাইক রেটে ৩১০ রান করেছেন। শুধু ব্যাট হাতেই নয়, বল হাতেও ওভারপ্রতি ৪-এর কম রান দিয়ে শিকার করেছেন ১২টি উইকেট।

তার অন্তর্ভুক্তি নিয়ে প্রধান নির্বাচক বলেন, ‘মোসাদ্দেক এ মুহূর্তে খুব ভালো ব্যাটিং করছে। আফিফ যেখানে ব্যাট করে অর্থাৎ ছয় নম্বর পজিশন, সেখানে মোসাদ্দেকের স্কিলটা আমাদের বেশি কাজে লাগবে। সে অভিজ্ঞ ক্রিকেটার এবং তার অলরাউন্ড সক্ষমতা দলে ভারসাম্য আরও বাড়াবে।’

অন্যদিকে মাহিদুলের জায়গায় নুরুল হাসান সোহানকে নেওয়ার ব্যাখ্যায় বাশার জানান, পজিশন বিবেচনায় সোহানই সেরা পছন্দ। চলতি প্রিমিয়ার লিগে ৮ ইনিংসে ২৪৮ রান করা সোহান প্রসঙ্গে তিনি বলেন, ‘অঙ্কন প্রিমিয়ার লিগে ওপরের দিকে (চার-পাঁচ নম্বরে) ব্যাট করছে। অন্যদিকে সোহান ছয়-সাতে ব্যাট করে। ওই পজিশনের জন্য উইকেটকিপার-ব্যাটসম্যান হিসেবে মাহিদুলের চেয়ে সোহানের স্কিল বেশি কার্যকর মনে হয়েছে আমাদের।’