প্রথম সেটে দাপুটে জয়, দ্বিতীয় সেটেও জোড়া ব্রেকে ৪-১ ব্যবধানে এগিয়ে থাকা এমন সমীকরণ থেকে ম্যাচ হেরে যাওয়া টেনিস কোর্টে বিরলই বটে। কিন্তু ফিলিপ চ্যাঁতিয়ে কোর্টের ঝোড়ো বাতাসে গতকাল ঠিক এই অবিশ্বাস্য ঘটনারই সাক্ষী হলেন টেনিসপ্রেমীরা। বিশ্ব র্যাঙ্কিংয়ের ১ নম্বর তারকা আরিনা সাবালেঙ্কার ফ্রেঞ্চ ওপেন জয়ের স্বপ্ন এক অদ্ভুত ও নাটকীয় মহাবিপর্যয়ে গুঁড়িয়ে দিলেন রাশিয়ান ২৫তম বাছাই ডায়ানা শ্নাইডার। ৩-৬, ৭-৫, ৬-০ গেমে সাবালেঙ্কাকে হারিয়ে ক্যারিয়ারে প্রথমবারের মতো কোনো গ্র্যান্ড স্ল্যামের সেমিফাইনালে পা রাখলেন এই ২২ বছর বয়সী তরুণী।
চলতি ফ্রেঞ্চ ওপেনে নারী ও পুরুষ একক মিলিয়ে সাবালেঙ্কাই ছিলেন টিকে থাকা একমাত্র গ্র্যান্ড সø্যাম জয়ী তারকা। কিন্তু আজ যেন নিজের ছায়া হয়ে ছিলেন এই বেলারুশীয় তারকা। পুরো ম্যাচে অবিশ্বাস্যভাবে ৫৭টি আনফোর্সড এরর (নিজে থেকে করা ভুল) করে ম্যাচটি কার্যত শ্নাইডারের হাতে তুলে দেন তিনি। এই হার গত বছরের ইউএস ওপেন ফাইনালের স্মৃতি মনে করিয়ে দেয়, যেখানে কোকো গফের বিপক্ষে একইভাবে জয়ের সহজ অবস্থান থেকে ম্যাচ হাতছাড়া করেছিলেন সাবালেঙ্কা।
ম্যাচের শুরুটা অবশ্য সাবালেঙ্কার চেনা ছন্দেই হয়েছিল। প্রথম সেটে দ্রুতই ৫-১ ব্যবধানে এগিয়ে যান এবং তৃতীয় সেট পয়েন্টে জয় নিশ্চিত করেন। দ্বিতীয় সেটেও ধারা বজায় রেখে জোড়া ব্রেক পয়েন্ট পেয়ে ৪-১ ব্যবধানে এগিয়ে যান চারবারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী এই তারকা। কিন্তু এর পরই নাটকীয়ভাবে খেই হারিয়ে ফেলেন তিনি।
পরপর নিজের সার্ভিস গেম হাতছাড়া করার পর স্কোর যখন ৪-৪ হয়, তখন সাবালেঙ্কার চোখেমুখে স্পষ্ট হতাশা ফুটে ওঠে। নিজের গ্যালারিতে থাকা কোচিং স্টাফদের দিকে তাকিয়ে ক্ষোভ উগরে দিতে দেখা যায় তাকে। সাময়িকভাবে নিজেকে সামলে নিয়ে ৫-৪ করলেও শেষ রক্ষা হয়নি। একের পর এক সহজ ফোরহ্যান্ড নেটে মেরে বসেন তিনি, যার সুযোগ নিয়ে শ্নাইডার ৭-৫ ব্যবধানে দ্বিতীয় সেট পকেটে পুরেন।
চূড়ান্ত ও নির্ণায়ক তৃতীয় সেটে সাবালেঙ্কার প্রতিরোধ পুরোপুরি ভেঙে পড়ে। মাত্র দুটি গেমের মধ্যেই আটটি আনফোর্সড এরর করে বসেন তিনি। পুরো সেটে মাত্র ১৪টি পয়েন্ট জিততে পেরেছিলেন বিশ্বসেরা এই তারকা। শেষ পর্যন্ত সাবালেঙ্কার একটি ব্যাকহ্যান্ড নেটে আটকে গেলে তৃতীয় ম্যাচ পয়েন্টে জয় নিশ্চিত করেন শ্নাইডার। আর স্তব্ধ সাবালেঙ্কা মাথা নিচু করে কোর্ট ছাড়েন। এর ফলে টানা সাতটি গ্র্যান্ড স্ল্যামের সেমিফাইনালে ওঠার যে রেকর্ড সেরেনা উইলিয়ামসের ছিল, তা ছোঁয়ার সুযোগ হাতছাড়া হলো সাবালেঙ্কার।
ক্যারিয়ারে মাত্র দ্বিতীয়বারের মতো শীর্ষ ১০-এর কোনো খেলোয়াড়কে হারানোর পর যেন কথা হারিয়ে ফেলেছিলেন ডায়ানা শ্নাইডার। ম্যাচ শেষে তিনি বলেন, ‘সত্যি বলতে আমি নির্বাক, আমি অত্যন্ত আনন্দিত। আজকে কোর্টে বাতাসের কারণে পরিস্থিতি বেশ কঠিন ছিল। আরিনার বিপক্ষে এটাই আমার প্রথম ম্যাচ, তাই স্বাভাবিকভাবেই প্রচণ্ড স্নায়ুচাপ কাজ করছিল। প্রথম সেটে মূলত ওর খেলার ধরনের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছিলাম।’
আগের ম্যাচে ২২তম বাছাই আন্না কালিনস্কায়াকে ৭-৬ (৩), ৬-৩ গেমে হারিয়ে সেমিফাইনালে ওঠা পোল্যান্ডের কোয়ালিফায়ার মায়া চোয়ালিনস্কার মুখোমুখি হবেন শ্নাইডার। র্যাঙ্কিংয়ের ১১৪ নম্বরে থাকা চোয়ালিনস্কার বিপক্ষে সেমিফাইনালের লড়াই নিয়ে শ্নাইডার যোগ করেন, ‘আমি খুবই খুশি যে শুরুটা ভালো না হলেও শেষটা দুর্দান্তভাবে করতে পেরেছি। এবার সেমিফাইনালটা হবে দুই বাঁহাতির লড়াই, আমি এই ম্যাচের জন্য মুখিয়ে আছি।’