ভারতে সূর্যাস্ত, নতুন অধিনায়ক শ্রেয়াস আইয়ার!

২০২৬ টি-২০ বিশ্বকাপ জয়ের মাত্র কয়েক মাসের মাথায় ভারতীয় ক্রিকেট দলের নেতৃত্বে বড়সড় রদবদলের আভাস মিলছে। আয়ারল্যান্ড এবং ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন টি-২০ সিরিজের জন্য সূর্যকুমার যাদবকে সরিয়ে শ্রেয়াস আইয়ারকে ভারতীয় দলের নতুন অধিনায়ক করা হতে পারে। একই সাথে অক্ষর প্যাটেলের জায়গায় নতুন সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পেতে পারেন তরুণ ব্যাটার তিলক বর্মা। ভারতীয় সংবাদমাধ্যম 'দৈনিক জাগরণ'-এর এক সূত্রের বরাতে এই চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আজ বৃহস্পতিবার বিসিসিআই অ্যাপেক্স কাউন্সিলের একটি অনলাইন বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই বৈঠকেই নেতৃত্ব পরিবর্তনের বিষয়টি চূড়ান্ত করা হবে এবং সিদ্ধান্তটি সূর্যকুমার যাদবকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে। শ্রেয়াস আইয়ারকে অধিনায়ক করার সিদ্ধান্ত ইতিমধ্যেই নেওয়া হয়ে গেছে, বৈঠকে কেবল আনুষ্ঠানিক সিলমোহর পড়া বাকি।

নেতৃত্ব নির্বাচন নিয়ে প্রধান কোচ গৌতম গম্ভীর এবং প্রধান নির্বাচক অজিত আগারকারের মধ্যে মতবিরোধের খবরও সামনে এসেছে। জানা গেছে, গম্ভীর চেয়েছিলেন সূর্যকুমারের পরিবর্তে সঞ্জু স্যামসনকে টি-২০ অধিনায়ক করতে। তবে প্রধান নির্বাচক আগারকার এই প্রস্তাবে রাজি হননি। নির্বাচক কমিটির অন্য সদস্যরাও গম্ভীরের সাথে একমত হতে পারেননি। তাদের মতে, স্যামসন টি-২০ বিশ্বকাপ জয়ে বড় ভূমিকা রাখলেও আন্তর্জাতিক ক্রিকেটে ধারাবাহিকতার অভাবে তাকে দীর্ঘমেয়াদী অধিনায়ক হিসেবে বিবেচনা করা যাচ্ছে না। তাছাড়া এখনই তার ওপর এত বড় দায়িত্ব দেওয়াটা একটু তাড়াহুড়ো হয়ে যাবে বলে তারা মনে করা হচ্ছে।

বিশ্বকাপজয়ী স্কোয়াডে জায়গা না পাওয়া শ্রেয়াস আইয়ার আইপিএলে দুর্দান্ত ফর্মে ছিলেন। আইপিএল ২০২৫-এ তার অধীনে পাঞ্জাব কিংস ফাইনালে উঠেছিল। এরপর সদ্য সমাপ্ত আইপিএল ২০২৬-এ পাঞ্জাব প্লে-অফে উঠতে ব্যর্থ হলেও আইয়ার ব্যাট হাতে ছিলেন বিধ্বংসী। ১৪ ম্যাচে ১৬৮.৮১ স্ট্রাইক রেটে তিনি ৪৯৮ রান করেন, যার মধ্যে একটি সেঞ্চুরি ও পাঁচটি হাফ-সেঞ্চুরি ছিল। অধিনায়কত্বের পাশাপাশি আসন্ন সিরিজগুলোতে চার নম্বর পজিশনে সূর্যকুমারের জায়গাই নিতে যাচ্ছেন তিনি।