মাদারীপুরে মাদকের বিরুদ্ধে অভিযানে চালিয়ে ৯৪০ পিস ইয়াবা উদ্ধারসহ ১৬ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। বৃহস্পতিবার (৪ জুন) জেলা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের তথ্য দেওয়া হয়।
গ্রেপ্তরা হলেন-মিজানুর রহমান হাওলাদার (৫৪), রুবেল মুন্সি (৪৯), সোহেল সরদার (৩৮) ও আরাফাত খান। বাকিদের নাম জানায়নি আইনশৃঙ্খলা বাহিনী।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদারীপুর জেলার পুলিশ সুপার মো.হাবিবুর রহমানের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা বিশেষ অভিযান পরিচালনা করে সদর, ডাসার ও কালকিনি থানা এলাকায় পৃথক অভিযানে চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার ও আসামিদের গ্রেপ্তার করা হয়।
ডিবি জানায়, ২ জুন রাত ৯টায় সদর মডেল থানার পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের হরি কুমারিয়া এলাকায় অভিযান চালিয়ে মিজানুর রহমান হাওলাদার ওরফে মেজর, আরাফাত খান ও রুবেল মুন্সিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে মোট ৫৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
একই দিন রাত ১২টায় ডাসার থানার ভাঙ্গা ব্রিজ আটিপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় ডাসার থানায় পৃথক মামলা রুজু করা হয়েছে।
এছাড়া ৩ জুন রাত সাড়ে ৩টার দিকে কালকিনি থানার গোপালপুর এলাকায় অভিযান চালিয়ে সোহেল সরদার নামের এক মাদক কারবারিকে আটক করা হয়। তার কাছ থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কালকিনি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ও অতিরিক্ত দায়িত্বে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফারিহা রফিক ভাবনা বলেন, মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে।