ফেনীতে কাভার্ডভ্যানের ধাক্কায় যুবক নিহত

ফেনীর ছাগলনাইয়া দ্রুতগামী একটি কাভার্ডভ্যানের ধাক্কায় ইকবাল হোসেন জিসান নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের আরোহী গুরুতর আহত হন। বৃহস্পতিবার (৪ জুন) সকাল সোয়া ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুহুরীগঞ্জ এলাকার চৌধুরীপাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইকবাল হোসেন জিসান (২২) সোনাগাজী উপজেলার সমপুর গ্রামের ডাক্তার বাড়ির আবু তৈয়বের ছেলে। আহত জিহানুল ইসলামের বয়স ২৩ বছর। 

ফাজিলপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ খান চৌধুরী জানান, সকালে মহাসড়কের ঢাকামুখী লেনে মোটরসাইকেলে করে ফেনীর দিকে যাচ্ছিলেন জিসান ও জিহানুল। ঘটনাস্থলে পৌঁছালে পেছন থেকে দ্রুতগামী একটি কাভার্ডভ্যান তাদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে দুজনেই রাস্তায় ছিটকে পড়েন। পরে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জিসানকে মৃত ঘোষণা করেন। আহত জিহানুলকে একই হাসপাতালে ভর্তি করা হয়।

দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও কাভার্ডভ্যানটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। মরদেহ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।