গাজীপুর মহানগরের বাসন সড়ক এলাকায় বাস চাপায় অটোরিকশা আরোহী দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার(৪ জুন) দুপুর পৌনে এক টার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে তিনি হলেন, জামালপুর জেলার মাদারগঞ্জ থানার কয়রা গ্রামের হামেদ প্রামাণিকের ছেলে সুজন (৩৮) অপরজনের পরিচয় জানাতে পারে নি পুলিশ।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা অনাবিল পরিবহনের একটি বাস বাসন সড়ক এলাকায় বাস থামিয়ে যাত্রী উঠানামা করছিল। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা টাঙ্গাইলগামী বিনিময় পরিবহনের একটি যাত্রীবাহী বাস অনাবিল গাড়িটিকে পাশ কাটিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা অটোরিকশাকে বেপরোয়া গতিতে চাপা দেয়। এতে ওই অটোরিকশায় থাকা চালকসহ দুইজন ঘটনাস্থলে নিহত হন।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৃতদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেন, যাত্রীবাহী বাস চাপায় অটোরিকশা আরোহী দুইজন নিহত। দুজনের মৃতদেহ বিনিময় পরিবহনের সামনের অংশ কেটে উদ্ধার করা হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার ওসি হারুন অর রশীদ বলেন, যাত্রীবাহী বাস চাপায় অটোরিকশা চালকসহ দুইজন নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতদের বিস্তারিত পরিচয় শনাক্তসহ পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।