বন্ধুদের সঙ্গে গুলিয়াখালী সমুদ্রসৈকতে ঘুরতে গিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় জিহানুল ইসলাম শাওন (২০) ও ইকবাল হোসেন জিসান (২৩) নামে দুই বন্ধু নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৪ জুন) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ছাগলনাইয়া উপজেলার মুহুরীগঞ্জ এলাকায় ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলে থাকা এ দুই আরোহী নিহত হন।
দুর্ঘটনাটি ঘটে ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের মুহুরীগঞ্জ চৌধুরীপাড়া সড়কের মুখে মহাসড়কের ঢাকামুখী লেনে।
নিহত ইকবাল হোসেন জিসান সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের সমপুর গ্রামের ডাক্তারবাড়ির বাসিন্দা আবু তৈয়বের ছেলে।
অপর নিহত জিহানুল ইসলাম শাওন ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের গোবিন্দপুর পাটোয়ারী বাড়ির বাসিন্দা কামরুল ইসলাম রসুলের একমাত্র ছেলে। তিনি ফেনী শহরের একটি বেসরকারি প্রতিষ্ঠানের হিসাব বিভাগে কর্মরত ছিলেন।
শাওনের আত্মীয় সাংবাদিক এম. এমরান পাটোয়ারী জানান, শাওনসহ কয়েকজন বন্ধু বুধবার রাতে গুলিয়াখালী সমুদ্রসৈকতে ঘুরতে যান। সেখানে রাতযাপন শেষে বৃহস্পতিবার সকালে তারা ফেনীর উদ্দেশে রওনা দেন। পথে শাওন ও জিসান একই মোটরসাইকেলে ছিলেন। একপর্যায়ে একটি ডাম্প ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিলে জিসান ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত অবস্থায় শাওনকে প্রথমে ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে তিনি মারা যান।
পুলিশ সূত্রে জানা যায়, একটি মোটরসাইকেলে করে দুই বন্ধু চট্টগ্রাম থেকে ফেনীর দিকে আসছিলেন। এ সময় দ্রুতগতির একটি ডাম্প ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা দুজন গুরুতর আহত হন। ঘটনাস্থলেই জিসানের মৃত্যু হয়। পরে শাওনকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হলে তার অবস্থার অবনতি হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
দুর্ঘটনার পর মোটরসাইকেল ও ডাম্প ট্রাকটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ফাজিলপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।