পাবনার বেড়া উপজেলায় তিন মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে একজনকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) দিনব্যাপী বেড়া উপজেলার কৈটোলা ও মৈত্রবাঁধা এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন বেড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুরেন মায়িশা খান।
তিনি জানান, কৈটোলায় অভিযান চালিয়ে মাদকসেবী আবদুল কাদেরকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং শামীম হোসেন নামের এক মাদক ব্যবসায়ীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এছাড়া মৈত্রবাঁধা এলাকায় কুখ্যাত মাদক ব্যবসায়ী স্বপন সরদারকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং এক লক্ষ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
তিনি আরও জানান, মাদক নির্মূলের উদ্দেশ্যে এই অভিযান পরিচালনা করা হয়েছে। এতে পুলিশসহ সংশ্লিষ্টরা সহযোগিতা করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।