ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অনুমোদনহীন দুটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করেছে প্রশাসন। বৈধ লাইসেন্স ছাড়াই কার্যক্রম পরিচালনা করায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রতিষ্ঠান দুটি সিলগালা করা হয়।
বৃহস্পতিবার (৪ জুন) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা রহমান।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) সালাউদ্দিন বিশ্বাস এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জাকির হোসাইন উপস্থিত ছিলেন।
অভিযানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থিত নিউ ল্যাব ডায়াগনস্টিক সেন্টার ও আধুনিক ল্যাব ওয়ান নামের দুটি ডায়াগনস্টিক সেন্টারে তল্লাশি চালানো হয়। বৈধ লাইসেন্স না থাকায় প্রতিষ্ঠান দুটিকে মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ (রেগুলেশন) অর্ডিন্যান্স, ১৯৮২ অনুযায়ী সিলগালা করা হয়। এছাড়া নিউ ল্যাব ডায়াগনস্টিক সেন্টারকে ৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও তা আদায় করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা রহমান বলেন, ‘কোনো ধরনের অনুমোদন ছাড়াই ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা করায় প্রতিষ্ঠান দুটি সিলগালা করা হয়েছে। প্রয়োজনীয় অনুমোদন গ্রহণের পর বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’