মেহেরপুরের গাংনী উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ইজিবাইক চালক ও দুই শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। দ্রুতগতির একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। ঘাতক ট্রাক আটক হলেও চালক পলাতক।
বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে মেহেরপুরের গাংনী উপজেলার আলিনগর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সদর উপজেলার উত্তরশালিকা গ্রামের আলাউদ্দিনের ছেলে ইজিবাইক চালক আরিফ হোসেন, যশোরের ঝিকরগাছা উপজেলার সজিব হোসেনের ছেলে শিশু আবরার হোসেন এবং উত্তরশালিকা গ্রামের মহিন হোসেনের মেয়ে আফরিন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইজিবাইকটি বামন্দী থেকে মেহেরপুরের দিকে যাচ্ছিল। পথে আলিনগর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই মারা যান চালক আরিফ হোসেন।
দুর্ঘটনায় গুরুতর আহত হন শিশু আবরার, আফরিন, মাহিন ও তার স্ত্রী মুক্তা খাতুন। আহতদের উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিশু আবরার ও আফরিনের মৃত্যু হয়। আহত মাহিন ও মুক্তা খাতুনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্বজনরা।
দুর্ঘটনার পর স্থানীয়রা ঘাতক ট্রাকটি আটক করতে সক্ষম হলেও চালক পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে এবং আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
গাংনী থানার ওসি উত্তম কুমার জানান-নিহতদের মরদেহ উদ্ধারের প্রক্রিয়া চলছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।