হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের পিয়াইম গ্রামে বরযাত্রীর গাড়ির ধাক্কায় মিতু (৮) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে পিয়াইম খেলার মাঠ সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিতু পিয়াইম গ্রামের বাসিন্দা বিল্লাল মিয়ার মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, ধরমন্ডল এলাকায় বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে বরযাত্রীবাহী একটি সিএনজি অটোরিকশা পিয়াইম সড়ক দিয়ে যাচ্ছিল। পথিমধ্যে খেলার মাঠের পাশে পৌঁছালে চালক একটি যানবাহনকে ওভারটেক করার চেষ্টা করেন। এ সময় রাস্তার পাশে থাকা শিশু মিতু গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা ছুটে এসে শিশুটিকে উদ্ধার করার চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে ছাতিয়াইন পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর নান্নু মিয়ার নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করে।
মাধবপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তুফা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করা হবে।
স্থানীয়রা জানান, ঈদের আনন্দ ও বিয়ের উৎসবের আবহের মধ্যেই এমন মর্মান্তিক দুর্ঘটনা তাদের স্তব্ধ করে দিয়েছে। তারা সড়কে আরও সতর্কভাবে যানবাহন চালানোর পাশাপাশি দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।