গত কয়েকদিনের গুঞ্জনই শেষ পর্যন্ত সত্যি হলো। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেস বোলিং কোচের দায়িত্ব ছেড়ে দিয়েছেন সাবেক অস্ট্রেলিয়ান গতি তারকা শন টেইট। মূলত পারিবারিক কারণে এবং পরিবারকে আরও বেশি সময় দিতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে।
টেইটের আকস্মিক বিদায়ে আসন্ন অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশ দলের অন্তর্বর্তীকালীন পেস বোলিং কোচ হিসেবে দায়িত্ব সামলাবেন সাবেক দেশীয় পেসার ও বর্তমানের শীর্ষস্থানীয় কোচ তালহা জুবায়ের।
২০২৫ সালের মে মাসে নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার আন্দ্রে অ্যাডামসের স্থলাভিষিক্ত হয়ে বাংলাদেশ দলের দায়িত্ব নিয়েছিলেন ৪৩ বছর বয়সী শন টেইট। বিসিবির সঙ্গে তাঁর চুক্তি ছিল ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত। তবে এক বছর দায়িত্ব পালনের পর ব্যক্তিগত কারণে তিনি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।
বিসিবি জানিয়েছে, পদত্যাগের ইচ্ছে প্রকাশের পর টেইট আরও সংক্ষিপ্ত কিছুদিনের জন্য দায়িত্ব চালিয়ে যাওয়ার আগ্রহ দেখিয়েছিলেন। তবে উভয় পক্ষের সৌহার্দ্যপূর্ণ আলোচনা ও পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে চুক্তির মেয়াদ কমিয়ে এনে তাঁকে বিদায় দেওয়ার সিদ্ধান্তই চূড়ান্ত করা হয়।
পারিবারিক কারণ উল্লেখ করলেও ক্রিকেট মহলে গুঞ্জন রয়েছে, ভারতের পশ্চিমবঙ্গের ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) পেস বোলিং কোচ হতে যাচ্ছেন টেইট। সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমে খবর আসে, তিনি সিএবি-র তিন সদস্যের কমিটির কাছে সাক্ষাৎকারও দিয়েছেন। সেখানে মূল রাজ্য দলের পাশাপাশি বয়সভিত্তিক ও উঠতি পেসারদের দেখভালের দায়িত্ব পেতে পারেন তিনি।
তাছাড়া, টেইটের স্ত্রী ভারতীয় হওয়ায় বছরের একটি বড় সময় তিনি ভারতে কাটান। সেখানে কাজ করলে ভারতের ঘরোয়া ক্রিকেটের পাশাপাশি আইপিএলেও তাঁর কাজের দুয়ার খুলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি রাজ্য দলের ব্যস্ততা আন্তর্জাতিক সূচির মতো বছরজুড়ে না থাকায় পরিবারকে সময় দেওয়াও সহজ হবে।
বিদায়লগ্নে বাংলাদেশের পেসারদের সাম্প্রতিক উন্নতিতে টেইটের অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেছে বিসিবি। সংবাদ বিজ্ঞপ্তিতে বোর্ড জানায়, 'দেশের ফাস্ট বোলিং শক্তির উন্নয়নে শন টেইট গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। বাংলাদেশের পেস আক্রমণকে আরও ধারাল করতে এবং বিভিন্ন সংস্করণে পেসারদের দক্ষতা, ধারাবাহিকতা ও কার্যকারিতা বাড়াতে তিনি দারুণ ভূমিকা পালন করেছেন।'
অন্যদিকে, বিদায় বেলায় বাংলাদেশের পেসারদের নিয়ে গর্ব প্রকাশ করে টেইট বলেন, 'বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে কাজ করা এবং প্রতিভাবান ও নিবেদিতপ্রাণ খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের একটি দলের অংশ হতে পারা আমার জন্য বিশেষ সৌভাগ্যের ছিল। এই সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না। পুরো আলোচনা প্রক্রিয়ায় বিসিবি যে বোঝাপড়া ও সমর্থন দেখিয়েছে, তার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমাদের পেস বোলাররা যা অর্জন করেছে, তা নিয়ে আমি গর্বিত এবং বিশ্বাস করি তাদের সামনে অত্যন্ত উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে। আমি দলের আগামী পথচলার জন্য সর্বাত্মক সাফল্য কামনা করি।'
অস্ট্রেলিয়া সিরিজে দায়িত্বে তালহা জুবায়ের
শন টেইটের আকস্মিক প্রস্থানে আসন্ন অস্ট্রেলিয়া সিরিজে পেস বোলারদের দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছে তালহা জুবায়েরকে। সাবেক এই জাতীয় দলের পেসার বর্তমানে দেশের অন্যতম শীর্ষ ঘরোয়া কোচ হিসেবে সমাদৃত। এর আগেও স্বল্প মেয়াদে জাতীয় দলের কোচিং স্টাফে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর।