খলিলুর রহমান জাতিসংঘের সভাপতি হওয়ায় মন্ত্রিসভার অভিনন্দন

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা।

বৃহস্পতিবার (৪ জুন) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে জনপ্রশাসন সভাকক্ষে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের সভায় এ অভিনন্দন জানানো হয়। 

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে আজ সন্ধ্যা ৭টায় মন্ত্রিপরিষদের সভা শুরু হয়।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়া প্রসঙ্গে জানানো হয়, এই অর্জন বিশ্বমঞ্চে বাংলাদেশের ক্রমবর্ধমান গৌরব, কূটনৈতিক সক্ষমতা এবং বহুপাক্ষিক সম্পর্কের প্রতি আস্থার উজ্জ্বল দৃষ্টান্ত।
সভায় মন্ত্রিসভার সদস্যগণ ও সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন।

এদিকে বৈঠকে ‘প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) প্রণোদনা স্কিম নীতিমালা, ২০২৬’ এবং ‘বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগে প্রণীত ‘প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) প্রণোদনা স্কিম নীতিমালা, ২০২৬’ মন্ত্রিসভা-বৈঠকে অনুমোদিত হয়েছে।

নীতিমালার মাধ্যমে প্রবাসী বাংলাদেশিসহ সকল বাংলাদেশি নাগরিককে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) আকর্ষণে উৎসাহিত ও সম্পৃক্ত করার লক্ষ্য নেওয়া হয়েছে। সরকারের পক্ষ থেকে প্রণোদনা প্রদানের মাধ্যমে বিনিয়োগ বৃদ্ধির উদ্যোগকে আরও গতিশীল করার পরিকল্পনা রয়েছে।

অন্যদিকে, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উদ্যোগে ‘বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়াও অনুমোদন পেয়েছে।

সংশোধনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাসেবা, চিকিৎসা শিক্ষা ও গবেষণার পরিধি সম্প্রসারণের সুযোগ তৈরি করা হবে। পাশাপাশি মুনাফাভিত্তিক (for-profit) ও অ-মুনাফাভিত্তিক (not-for-profit) কোম্পানি বা সংগঠন গঠন এবং এসব প্রতিষ্ঠানের শেয়ার অর্জনের বিধান অন্তর্ভুক্ত করার বিষয়ও এতে রাখা হয়েছে।