ছারপোকার কামড়ে হাসপাতালে কোচ বাটলার

সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে বাংলাদেশ নারী ফুটবল দলের শিবিরে দেখা দিয়েছে দুই ভিন্ন চিত্র। একদিকে হোটেল কক্ষে ছারপোকা আক্রমণে অসুস্থ হয়ে পড়েছেন প্রধান কোচ পিটার বাটলার, অন্যদিকে বিশ্রাম ও পুনরুদ্ধারের দিন শেষে আত্মবিশ্বাসে উজ্জীবিত হয়ে উঠেছে পুরো দল।

জানা গেছে, দক্ষিণ গোয়ার বিলাসবহুল প্ল্যানেট হলিউড বিচ রিসোর্টে অবস্থানরত বাংলাদেশ দলের প্রধান কোচ পিটার বাটলার বুধবার রাতে বেডবাগের মারাত্মক উপদ্রবের শিকার হন। রাতভর ছারপোকার কামড়ে তার হাতসহ শরীরের বিভিন্ন অংশে অসংখ্য ক্ষত তৈরি হয়। এতে তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন এবং চিকিৎসা নিতে বাধ্য হন। ফাইনালের আগে বিশ্রাম নিয়ে কৌশলগত প্রস্তুতি সম্পন্ন করার কথা থাকলেও এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় তার প্রস্তুতিতে বিঘœ ঘটে।

তবে কোচের এই দুর্ভোগের মধ্যেও দলের খেলোয়াড়দের মনোবল ক্রমেই চাঙা হয়ে উঠছে। নেপালকে হারিয়ে ফাইনালে ওঠার পর বৃহস্পতিবার মাঠে কোনো অনুশীলন ছিল না। খেলোয়াড়রা হোটেলে আইস বাথ ও হালকা পুনরুদ্ধার কার্যক্রমে অংশ নেন। পাশাপাশি কোচিং স্টাফের সঙ্গে ভিডিও বিশ্লেষণের মাধ্যমে ভারতের বিপক্ষে ম্যাচ পরিকল্পনা নিয়ে কাজ করেন তারা।