নেত্রকোনার মদনে পুলিশের ওপর হামলার ঘটনায় সেই ছাত্রদল নেতা সৈয়দ মিঠু মিয়াকে বহিষ্কার করা হয়েছে।
আজ শুক্রবার (৫ জুন) জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক আশরাফুল ইসলাম খান পাঠানের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
এর আগে গতকাল বৃহস্পতিবার (৪ জুন) সন্ধ্যায় মদন পৌর সদরের সরকারি কলেজ মোড়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। এতে আহত হন কনস্টেবল ফরিদুল ইসলাম ও আতাউর রহমান। অভিযুক্ত মিঠু মিয়া মদন সরকারি হাজী আব্দুল আজিজ খান ডিগ্রি কলেজ শাখার ছাত্রদলের সভাপতি ও মদন পৌরসদরে ৫ নম্বর ওয়ার্ডের সৈয়দ রঞ্জু মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, মদন সরকারি কলেজ মোড় এলাকায় চট্টগ্রামগামী বাসে যাত্রীদের হয়রানি করা হচ্ছে-এমন খবরে মদন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাদির হোসেন শামীম পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান।
এ সময় যাত্রীরা নানা হয়রানি নিয়ে প্রশাসনের কাছে অভিযোগ করেন। এ সময় ওই স্থানে আসে ছাত্রদল নেতা মিঠু মিয়া। পরে পুলিশ সদস্যরা তাকে একটু দূরে সরে যেতে বললে, তাদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন মিঠু। এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে।
এ সময় মিঠুর আঘাতে কনস্টেবল ফরিদুল ও আতাউর রহমান আহত হন। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
এ ব্যাপারে মদন উপজেলা ছাত্রদলের সভাপতি এস এইচ পিপুল বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে সৈয়দ মিঠু মিয়াকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
মদন থানার ভারপ্রাপ্ত (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, যাত্রীদের সঙ্গে বাস কাউন্টারে ঝামেলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় মিঠু নামের এক যুবক আঘাত করে দুই পুলিশ সদস্যকে আহত করে।
এ ঘটনায় অভিযুক্ত মিঠু মিয়াকে আটক করে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং আজ আদালত পাঠানো হবে।