রহস্য, রোমাঞ্চ আর খবরের কাগজের আড়ালে লুকিয়ে থাকা কোনো এক গোপন সত্যের সন্ধানে নামছেন জিয়াউল ফারুক অপূর্ব এবং ইয়াশ রোহান। জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম ‘হইচই’-তে আসছে নতুন অরিজিনাল ওয়েব সিরিজ ‘হেডলাইন’। পরিচালক সালেহ সোবহান অনীমের নির্মাণে আগামী ২৫ জুন বিশ্বব্যাপী একযোগে মুক্তি পেতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত এই সিরিজটি।
সম্প্রতি হইচই বাংলাদেশের অফিশিয়াল সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সিরিজটির একটি নজরকাড়া পোস্টার প্রকাশ করা হয়েছে। পোস্টারটি প্রকাশ্যে আসতেই দর্শকদের মধ্যে তুমুল কৌতূহল তৈরি হয়েছে। প্রকাশিত পোস্টারে দেখা যায়, ব্ল্যাক টাক্সিডো আর বো-টাই পরে হাজির হয়েছেন অপূর্ব ও ইয়াশ রোহান।
তাদের চোখেমুখে এক গভীর তীক্ষ্ণতা এবং কোনো চাপা পড়া চাঞ্চল্যকর সংবাদের গভীরে প্রবেশের তীব্র আকাঙ্ক্ষা। তারা যেন পুরনো খবরের কাগজের স্তূপ ছিঁড়ে বেরিয়ে আসছেন। চারপাশের এই খবরের কাগজের আবহ মূলত সাংবাদিকতা ও অনুসন্ধানী গল্পের ইঙ্গিত দেয়। তবে কোন খবরের পেছনের ‘হেডলাইন’ খুঁজতে তারা মরিয়া, তা জানতে দর্শকদের অপেক্ষা করতে হবে ২৫ জুন পর্যন্ত।
সিরিজটি নিয়ে পরিচালক সালেহ সোবহান অনীম বলেন, ‘নানান অস্থিরতার ভিড়ে একটু স্বস্তির খোঁজেই আমরা সিরিজটি নির্মাণ করেছি। যেরকমের গল্প দেখে আমরা বড় হয়েছি বা যে কাজগুলো আজও আমাদের মনের খুব কাছের আমরা ঠিক সেই ধরণের গল্প আপনাদের জন্য করেছি। আর হেডলাইন মূলত সাংবাদিকতা বা অনুসন্ধানের আড়ালে লুকিয়ে থাকা একটি ফ্যামিলি ড্রামা।’
হইচই বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সাকিব আর খান বলেন, ‘আমাদের সবসময়ই চেষ্টা থেকে দর্শকদের সামনে এমন সব কনটেন্ট আনতে, যা তাদের চিন্তার খোরাক জোগাবে। হেডলাইন তেমনই একটি সিরিজ। অনীমের পরিচালনার মুন্সিয়ানা এবং অসাধারণ চিত্রনাট্য দর্শকদের দীর্ঘ সময় পর্দায় আটকে রাখবে বলে বিশ্বাস করি।’
আগামী ২৫ জুন থেকে কেবল ‘হইচই’ অ্যাপেই দেখা যাবে সিরিজটি। ‘হেডলাইন’ নিয়ে আরও বিস্তারিত ও নিয়মিত আপডেট জানতে চোখ রাখতে হবে হইচই বাংলাদেশের অফিশিয়াল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে। তারকাখচিত এই সিরিজে অপূর্ব ও ইয়াশ ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আফসান আরা বিন্দু, সারিকা সাবরিন, ফারহানা হামিদ, অর্নিল বিরল ও রায় রাজন্যাসহ আরও অনেকে।