বিশ্বকাপের আগে 'অভিশপ্ত' র‌্যাংকিংয়ের শীর্ষে আর্জেন্টিনা!

ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান আবারো নিজেদের দখলে নিয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ফ্রান্সের হার এবং স্পেনের পয়েন্ট ভাগাভাগির সুবাদেই আলবিসেলেস্তেরা এই গৌরব ফিরে পেয়েছে।

বৃহস্পতিবার রাতে আইভরিকোস্টের কাছে ২-১ ব্যবধানে হেরে গেছে ফ্রান্স। অন্যদিকে, আরেক প্রীতি ম্যাচে ইরাকের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে স্পেন। ম্যাচের জয়-পরাজয় ও গোলের ওপর ভিত্তি করে চলতি বছরের মার্চ মাস থেকে 'রিয়েল-টাইম' (তাৎক্ষণিক) আপডেট পদ্ধতি চালু করেছে ফিফা। সেই হিসাব অনুযায়ী র‍্যাঙ্কিংয়ে বড় ধরনের রদবদল এসেছে

  • আর্জেন্টিনা দুই ধাপ এগিয়ে শীর্ষে (পয়েন্ট: ১৮৭৪.৮১)
  • স্পেন  আগের অবস্থান ধরে রেখে দ্বিতীয় স্থানে (পয়েন্ট: ১৮৭৩.০১)
  • ফ্রান্স শীর্ষস্থান থেকে দুই ধাপ পিছিয়ে তৃতীয় স্থানে (পয়েন্ট: ১৮৬৯.৪৩)

শীর্ষ তিন দলের পর যথাক্রমে চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে ইংল্যান্ড ও পর্তুগাল। আর চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল অবস্থান করছে ষষ্ঠ স্থানে। আগামী ১০ জুন, বিশ্বকাপ শুরুর আগের দিন ফিফা আনুষ্ঠানিকভাবে এই র‍্যাঙ্কিং প্রকাশ করবে। দলগুলোর সামনে আরও ম্যাচ রয়েছে। আগামী রবিবার বাংলাদেশ সময় সকাল ৬টায় হন্ডুরাস এবং বুধবার সকাল সাড়ে ৬টায় আইসল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা। আর সোমবার রাতে ফ্রান্স খেলবে উত্তর আয়ারল্যান্ডের বিপক্ষে।

এক নজরে বিশ্বকাপের সেই ‘অভিশপ্ত’ ইতিহাস

বিশ্বকাপ  শীর্ষ দল  পরিণতি                           চ্যাম্পিয়ন দল
১৯৯৪  জার্মানি        ব্যর্থ                                ব্রাজিল
১৯৯৮  ব্রাজিল         ফাইনালে পরাজয়               ফ্রান্স (১৮তম)
২০০২  ফ্রান্স           গ্রুপ পর্ব থেকে বিদায়          ব্রাজিল (২য়)
২০০৬  ব্রাজিল         কো. ফাইনাল থেকে বিদায়   ইতালি (১৩তম)
২০১০  ব্রাজিল          কো. ফাইনাল থেকে বিদায়    স্পেন (২য়)
২০১৪  স্পেন           গ্রুপ পর্ব থেকে বিদায়          জার্মানি (২য়)
২০১৮  জার্মানি           গ্রুপ পর্ব থেকে বিদায়        ফ্রান্স (৭ম)
২০২২  ব্রাজিল            কো. ফাইনাল থেকে বিদায়  আর্জেন্টিনা (৩য়)

২০২৩ সালের এপ্রিল থেকে টানা ৮৯৩ দিন ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ছিল লিওনেল স্কালোনির দল। গত বছরের সেপ্টেম্বরে তারা সিংহাসন হারালেও, বিশ্বকাপের আগমুহূর্তে তা পুনরুদ্ধার করায় স্বস্তিতে আছেন আর্জেন্টাইন সমর্থকরা।

তবে এই আনন্দের মাঝেই উঁকি দিচ্ছে এক অদ্ভুত পরিসংখ্যান, যা ফুটবল বিশ্বে ‘ফিফা র‍্যাঙ্কিংয়ের অভিশাপ’ নামে পরিচিত। ১৯৯৩ সালে র‍্যাঙ্কিং প্রথা চালুর পর থেকে আজ পর্যন্ত কোনো দলই ফিফা র‍্যাঙ্কিংয়ের এক নম্বর দল হিসেবে বিশ্বকাপে অংশ নিয়ে শিরোপা জিততে পারেনি।

সর্বশেষ ২০২২ কাতার বিশ্বকাপেও এক নম্বর দল হিসেবে খেলতে নেমেছিল ব্রাজিল, কিন্তু কোয়ার্টার ফাইনালেই তাদের যাত্রা থামে। আর সেবার তিন নম্বর দল হিসেবে টুর্নামেন্ট শুরু করে ট্রফি উঁচিয়ে ধরেছিল আর্জেন্টিনা।

এবার আর্জেন্টিনা নিজেই এক নম্বর দল হিসেবে বিশ্বকাপে পা রাখতে যাচ্ছে। স্কালোনির দল কি পারবে ইতিহাসের এই দীর্ঘদিনের 'অভিশাপ' ভেঙে টানা দ্বিতীয়বার বিশ্বজয় করতে? উত্তর মিলবে মাঠের লড়াইয়ে।