ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মাদকের বিরুদ্ধে কথা বলায় তিনজনকে কুপিয়ে জখম করেছে বলে অভিযোগ উঠেছে মাদক কারবারিদের বিরুদ্ধে। ঘটনাটি উপজেলার সরিষা ইউনিয়নের এনায়েতনগর গ্রামে ঘটেছে।
আহতরা হলেন— খোকন মিয়া (৩৫), আক্তার হোসেন (২৪) ও খায়রুল ইসলাম (২৫)। তাদের মধ্যে খোকন মিয়ার নাড়িভুঁড়ি বেরিয়ে যাওয়ায় তার অবস্থা আশঙ্কাজনক। তিনি বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গত ৩০ মে শনিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় নয়ন মিয়া (২৯) বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ করে ঈশ্বরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।
এলাকাবাসী জানান, মাদকের ছোবলে এনায়েতনগর গ্রাম বিষাক্ত হয়ে উঠেছে। মাদক কারবারিদের বিরুদ্ধে কেউ কথা বললেই তারা হামলা চালায়। তারা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের প্রতি দাবি জানিয়ে বলেন, দ্রুত মাদকসেবী ও মাদক কারবারিদের আইনের আওতায় আনা হোক।
এ বিষয়ে এনায়েতনগর গ্রামের সুমন মিয়া, ইব্রাহীম মিয়া ও আক্তার হোসেনসহ অন্তত আরও ২০ জন বাসিন্দা বলেন, ‘শেখ রুবেল গং এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তারা যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। আমরা মাদকের বিরুদ্ধে কথা বলায় তারা দেশীয় অস্ত্র নিয়ে সংঘবদ্ধ হামলা চালায়। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।’
এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত রুবেলের বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি। এ সময় তার পরিবারের সদস্যরা জানান, তাদের পরিবারের কেউ মাদক ব্যবসার সঙ্গে জড়িত নন। এ অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম বলেন, ‘এ ঘটনায় থানায় একটি মামলা রুজু করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।’