পটুয়াখালীর দুমকিতে ৮ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৮। শুক্রবার (৫ জুন) সকালে লেবুখালী পায়রা সেতুর টোলপ্লাজা সংলগ্ন গোলচত্ত্বর এলাকায় সাকুরা পরিবহনের একটি দূরপাল্লার বাসে অভিযান চালিয়ে প্রথমে একজনকে এবং পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরও একজনকে আটক করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৮ এর একটি দল টোলপ্লাজা এলাকায় অবস্থান নেয়। সাকুরা পরিবহনের বাসে তল্লাশি চালিয়ে মো. সুমন হাওলাদার (৩৩) নামে এক যাত্রীর কাছ থেকে ৮ কেজি ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে।
সুমন হাওলাদারের তথ্যের ভিত্তিতে লেবুখালী ইউনিয়নের কার্তিকপাশা মোড় এলাকায় অভিযান চালিয়ে জামাল মৃধাকে (৩৪) আটক করা হয়। দুই আসামি ও জব্দকৃত গাঁজা দুমকি থানায় হস্তান্তর করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় দুমকি থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার তদন্তভার এসআই আ. রহিম মোল্যাকে দেওয়া হয়েছে। গ্রেপ্তারকৃতদের শনিবার (৬ জুন) সকালে আদালতে পাঠানোর হবে বলে পুলিশ জানিয়েছে।