কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাঁড়িয়ে থাকা মদিনা নামক বাসের পেছনে মোটরসাইকেলের সজোরে ধাক্কায় দুই আরোহী নিহত হয়েছেন।
শনিবার (৬ জুন) সকাল ৮টার দিকে উপজেলার ছুফুয়া অংশে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে দ্রুতগতিতে চলা একটি মোটরসাইকেল মহাসড়কে দাঁড়িয়ে থাকা মদিনা পরিবহনের একটি বাসের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা দুই আরোহী ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও বাসটি জব্দ করা হয়েছে। তবে পুলিশ পৌঁছানোর আগেই বাসের চালক ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
মিয়াবাজার হাইওয়ে থানার ওসি রুহুল আমিন বলেন, নিহত দুই যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ দুটি থানায় রাখা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।