ময়মনসিংহে বিদেশি মদ-গাঁজাসহ আটক ৪

ময়মনসিংহে পৃথক দুটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৩০২ বোতল বিদেশি মদ ও সাড়ে ৬ কেজি গাঁজাসহ  চারজনকে আটক করেছে র‌্যাব-১৪।

আটকরা হলেন মো. কামাল (৪০), মো. রবিউল ইসলাম (২৮), জরিপ মিয়া (২৬) ও মো. সুজন (৪১)।  

শনিবার (৬ জুন) দুপুরে র‌্যাব-১৪ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন খবর পেয়ে শুক্রবার (৫ জুন) রাত সাড়ে ১১টার দিকে ময়মনসিংহ নগরীর আকুয়া খালপাড় এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মো. কামালকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বসতঘরের শয়নকক্ষে রাখা একটি স্টিলের ট্রাংক থেকে সাড়ে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এদিকে, শনিবার ভোর পৌনে ৬টার দিকে কোতোয়ালী থানার দিঘারকান্দা ঢাকা বাইপাস মোড়সংলগ্ন এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করে র‌্যাব। এ সময় একটি পিকআপ গাড়ি তল্লাশি করে ৩০২ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। অভিযানে মো. রবিউল ইসলাম, জরিপ মিয়া ও মো. সুজনকে আটক করা হয়। এছাড়া মদ পরিবহনে ব্যবহৃত পিকআপ ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে ময়মনসিংহসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ ও বিক্রি করে আসছিল বলে স্বীকার করেছে।  আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামতসহ ময়মনসিংহ কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।