চট্টগ্রামে হিন্দুদের সঙ্গে ইসকনের সংঘর্ষ

চট্টগ্রাম নগরে হিন্দুদের জমি জবর দখলের চেষ্টাকে কেন্দ্র করে ইসকনের লোকজন এবং স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে শুক্রবার (৫ জুন) দিবাগত রাত ৩টার দিকে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে চারজন আহত হয়েছে ৷ এই ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। 

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ৩টার দিকে ইসকনের একদল লোক নগরের নন্দনকানন এলাকার লোকনাথ মন্দির সংলগ্ন জায়গায় প্রবেশের চেষ্টা করে। সেসময় এলাকার সাধারণ হিন্দু সম্প্রদায়ের লোকজনের সঙ্গে তাদের বাদানুবাদ শুরু হয়, যা দ্রুত সংঘর্ষে রূপ নেয়। এ সময় মন্দির এলাকায় একটি কক্ষ ভাঙচুর করা হয় বলে পুলিশ জানিয়েছে। বৈদ্যুতিক সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হওয়ার খবরও পাওয়া গেছে।

নগর পুলিশের (দক্ষিণ বিভাগ) উপ-কমিশনার হোসাইন কবির ভূঁইয়া বলেন, মূলত লোকনাথ মন্দির নিয়ে ইসকন ও অন্যান্য সাধারণ হিন্দুদের মধ্যে এই সংঘর্ষ হয়। ইসকন রাতের বেলা এলাকায় ঢুকলে সাধারণ হিন্দুদের সঙ্গে সংঘর্ষ হয়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।

স্থানীয়রা জানান, লোকনাথ মন্দির সংলগ্ন এলাকায় কিছু খাসজমি রয়েছে, যেটির নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিন ধরে ইসকন এবং স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে বিরোধ চলে আসছে। অভিযোগ, ইসকন ওই জমি নিজেদের দখলে নেওয়ার চেষ্টা করে আসছে। অন্যদিকে এলাকার সাধারণ হিন্দুরা মনে করেন, এই জমি ও মন্দির তাদের নিজস্ব ধর্মীয় সম্পদ, যেটিতে বাইরের কোনো সংগঠনের হস্তক্ষেপ তারা মানবেন না।