গাজীপুরের শ্রীপুরে নদী দূষণ রোধে মানববন্ধন করেছে সচেতন নাগরিকরা। এ সময় কাগজের নৌকা ভাসানোর কর্মসূচি পালন করেন তারা। উপজেলার বেশ কটি নদী খাল দূষণের কবলে পড়ে মৃত প্রায়। সেই দূষণ রোধে নদী পরিব্রাজক দল ও নদী ও প্রকৃতি ফাউন্ডেশের ব্যানারে সচেতন নাগরিকরা একত্রিত হয়ে এ আয়োজন করেন।
শনিবার (৬ জুন) দুপুরে মাওনা ইউনিয়নের মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের মাওনা পাথারপাড় ব্রিজ এলাকায় কাগজের নৌকা ভাসানোর এ কর্মসূচির আয়োজন করা হয়।
শ্রীপুর নদী পরিব্রাজক দলের সভাপতি সাঈদ চৌধুরী বলেন, ‘কাগজের নৌকা ভাসানোর মাধ্যমে আমরা একটি প্রতীকী বার্তা দিতে চেয়েছি। আমাদের সবাইকে স্ব স্ব জায়গা থেকে সচেতন হতে হবে। নদীর প্রবাহ ও বিশুদ্ধ পানি যে আমাদের জীবনকে কতটা প্রভাবিত করে তা আমরা তুলে ধরার চেষ্টা করেছি।
নদী ও প্রকৃতি ফাউন্ডেশনের চেয়ারম্যান খোরশেদ আলম বলেন নদী রক্ষায় কার্যকর বর্জ্য ব্যবস্থাপন অতি জরুরি। দায়িত্বশীলদের দ্রুত সে দিকে নজর দিতে হবে। সবগুলো নদীর দূষণ নিয়ন্ত্রণ এবং অবৈধ দখলমুক্ত করার উদ্যোগ নিতে হবে সরকারকে।
পিয়ার আলী কলেজের জেষ্ঠ্য শিক্ষক আহম্মাদুল কবীর খোকন বলেন, একসময় এই নদীপথে নৌকা চলত, মাওনা বাজারে পণ্য পরিবহন হতো জলপথে। তাই প্রতীকী নৌকা ভাসানোর মাধ্যমে নদীকে আবারও নৌযান চলাচলের উপযোগী করে তোলার দাবি জানানো হয়েছে। আমরা চাই নদীর প্রাণ ফিরে আসুক আগের রূপেই।
এ সময় বিভিন্ন শ্রেণিপেশার মানুষ বক্তব্য রাখেন। তারাও দাবি তুলেন দ্রুত নদী ও খালগুলো দূষণের কবল থেকে কক্ষা করার। এটা সবার বিশুদ্ধ জীবনেরই অংশ বলে তারা ব্যাখ্যা করেন।