রাজধানীর মিরপুর ও উত্তরখানে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে এক পরিবারের ৩ জনসহ ৬ জন দগ্ধ হয়েছেন। তাদেরকে জাতীয় বার্ন ও প্লাস্টিক ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
শনিবার (৬ জুন) সকাল ৬টার দিকে উত্তরখান ও ভোর ৪টার দিকে মিরপুর ১০ গোলচত্বর এলাকায় এই পৃথক দুটি ঘটনা ঘটে।
মিরপুরের দগ্ধরা হলেন, মিরাজ (২৬), সুজন (২৪) ও বিপ্লব (২৪)। আর উত্তরখানে আলী হোসেন (৫০), তার স্ত্রী হাসনা হেনা (৪০) ও মেয়ে আখি আক্তার (৩০)।
দগ্ধ আলী হোসেনের ছেলে মো. তুষার জানান, তাদের বাসা উত্তরখান কাচকুরা সাইনবোর্ড এলাকায়। ভোরে রান্না ঘর থেকে সিলিন্ডার লিকেজ থেকে আগুন লাগে। এতে তার মা বাবা ও বোন দগ্ধ হন।
এদিকে, মিরপুরে দগ্ধ মিরাজের স্ত্রী খাদিজা আক্তার জানান, তাদের বাসা মিরপুর পাইকপাড়া এলাকায়। তার স্বামী মিরাজ লেবারের কাজ করেন। ভোরে মিরপুর ১০ নম্বর গোলচত্বর এলাকায় এসকেভেটর দিয়ে রাস্তা খননের কাজ চলছিল। এসময় কেউ একজন সিগারেট ধরাতেই গ্যাস বিস্ফোরণে তারা ৩ জন দগ্ধ হন।
এ বিষয়ে বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, উত্তরখানের আলী হোসেনের ১০০ শতাংশ, হাসনা হেনার ৬০ শতাংশ, ও আখির ১৫ শতাংশ দগ্ধ হয়েছে। এদিকে, মিরাজের ১৫ শতাংশ, সুজনের ২২ শতাংশ ও বিপ্লবের ১০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদেরকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।