সৌদি আরবের মক্কায় হাজীদের সেবার মান উন্নয়ন নিয়ে এক পর্যালোচনা সেমিনার অনুষ্ঠিত হয়েছে। অতিথি গ্রুপ এর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে হজ ব্যবস্থাপনার বিভিন্ন দিক পর্যালোচনার পাশাপাশি ভবিষ্যৎ পরিকল্পনা ও সেবার মানোন্নয়নের রূপরেখা তুলে ধরা হয়।
আয়োজকরা জানান, অতিথি গ্রুপের হাজীদের সঙ্গে সরাসরি মতবিনিময় ও ওভারভিউ প্রোগ্রামের মাধ্যমে হজ ব্যবস্থাপনায় নতুন দিগন্তের সূচনা হবে বলে তারা প্রত্যাশা করছেন।
মক্কার কাকিয়া এলাকায় আল ওয়াফা পাইকারি বাজারের পেছনে অবস্থিত ‘লাক্সারি হল’-এ অত্যন্ত জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় ‘হজ-পরবর্তী ২০২৬ পর্যালোচনা সেমিনার এবং অতিথি ওভারভিউ প্রোগ্রাম’। প্রথমবারের মতো আয়োজিত এ অনুষ্ঠানে অতিথি গ্রুপের ভবিষ্যৎ ভিশন, বৈশ্বিক ব্যবসায়িক কার্যক্রম এবং হজ ও ওমরাহ ব্যবস্থাপনায় প্রতিষ্ঠানের আগামী দিনের পরিকল্পনা ও সম্ভাবনা তুলে ধরা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন সাইফুল ইসলাম সোহেল (পিএমজেএফ)। তিনি তার বক্তব্যে বলেন, “অতিথি গ্রুপ কেবল একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান নয়, আল্লাহর মেহমান তথা হাজীদের সেবা করা আমাদের পরম সৌভাগ্য এবং পবিত্র দায়িত্ব। ২০২৬ সালের হজ্বের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আগামীতে হাজীদের সম্পূর্ণ আধুনিক, প্রযুক্তি-নির্ভর এবং হয়রানিমুক্ত সেবা দেওয়াই আমাদের প্রধান লক্ষ্য। আমরা অতিথি গ্রুপকে এমন একটি বৈশ্বিক মানদণ্ডে নিয়ে যেতে চাই, যেখানে প্রতিটি হাজী মক্কা-মদিনায় এসে ঘরের মতো স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তা পাবেন।”
সেমিনারে অতিথি গ্রুপের ব্যবসায়িক রূপরেখা, সেবার মানোন্নয়ন এবং ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে একটি বিস্তারিত উপস্থাপনা করা হয়। এতে উপস্থিত হাজী, বিশিষ্ট ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন হজ এজেন্সির প্রতিনিধিরা অংশ নেন।
বক্তারা অতিথি গ্রুপের এই সময়োপযোগী উদ্যোগের প্রশংসা করে বলেন, প্রথমবারের মতো আয়োজিত এ ওভারভিউ প্রোগ্রাম সৌদি আরবে বাংলাদেশের ব্যবসায়িক ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে এবং হজ-ওমরাহ ব্যবস্থাপনায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।
অনুষ্ঠানের শেষপর্বে নৈশভোজের আয়োজন করা হয়। অতিথি গ্রুপের উত্তরোত্তর সাফল্য কামনায় বিশেষ দোয়ার মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।