পটুয়াখালীর দুমকি উপজেলার লালখা ব্রিজ সংলগ্ন সড়কে ট্রাকচাপায় মাশরুফা খানম জান্নাতি (২৩) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (৬ জুন) বেলা আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক ট্রাক জব্দ এবং চালক মো. জাফর হোসেনকে (২৮) আটক করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির একটি ট্রাক (ঢাকা মেট্টো ট-২৪-০৮৬৪) সামনে থাকা মোটরসাইকেল অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের আরোহী মাশরুফা খানম জান্নাতি ছিটকে পড়ে ট্রাকের নিচে চাপা পড়েন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাশরুফাকে মৃত ঘোষণা করেন। পরে স্থানীয়রা ট্রাক ও চালককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
নিহত মাশরুফার বাড়ি বরগুনার আমতলী উপজেলার উত্তর টিয়াখালী এলাকায়। তিনি স্বামী কামাল হোসেনের মোটরসাইকেলে করে কর্মস্থলে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন। ওই নারীর লাশ উপজেলা হাসপাতালে রয়েছে।
দুমকি থানার অফিসার ইনচার্জ মো. সেলিম উদ্দিন জানান, এ ঘটনায় নিহতের পরিবারের অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।