রাজধানীর শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টারে “বাংলাদেশে শিশু নির্যাতন ও করণীয়” শীর্ষক এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
নিপীড়িত নারী ও শিশুদের আইনি ও স্বাস্থ্য সহায়তা সেলের উদ্যোগে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন ডেপুটি স্পিকার, প্রতিমন্ত্রী, সংসদ সদস্যসহ দেশের স্বনামধন্য আইনজীবী, চিকিৎসক, সাংবাদিক, সম্পাদক, সমাজকর্মী, মিডিয়া ব্যাক্তিত্ব, রাজনীতিবিদসহ সমাজের সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নিপীড়িত নারী ও শিশুদের আইনি ও স্বাস্থ্য সহায়তা সেলের কেন্দ্রীয় সমন্বয়কারী এবং বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মো. রফিকূল ইসলাম।
অনুষ্ঠানের শুরুতে সম্প্রতি নৃশংসভাবে হত্যার শিকার রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা তার বক্তব্য তুলে ধরেন, এসময় আবেগঘন পরিবেশের সৃষ্ট হয়।
বৈঠকে আলোচকরা বাংলাদেশের প্রেক্ষিতে শিশু নির্যাতনের পরিসংখ্যান, কারণ, ও করণীয় সমূহ তুলে ধরেন। একই সাথে কিভাবে অতীতে ঘটে যাওয়া নৃশংস ঘটনার বিচার দ্রুত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আহবান জানান। এছাড়া আলোচকরা এইসকল ঘটনা প্রতিরোধে বিভিন্ন পদক্ষেপের ব্যাপারে আলোকপাত করেন।
অনুষ্ঠানের শেষে আলোচনার মাধ্যমে উঠে আসা বিভিন্ন বক্তাদের প্রস্তাবনাগুলো সুপারিশ আকারে তুলে ধরেন অনুষ্ঠানের সঞ্চালক অধ্যাপক ডা. মো. রফিকূল ইসলাম এবং এই সুপারিশগুলো যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে পৌঁছে দেয়ার উপর জোড় তাগিদ দেন আলোচকবৃন্দ। একই সাথে এই বিষয়টি যেনো এখানেই সীমাবদ্ধ না থাকে এবং দ্রুত এই ব্যাপারে পর্যায়ক্রমে সরকার থেকে শুরু করে সমাজের প্রতিটি স্তর যেনো নিজ নিজ অবস্থান থেকে তাদের দায়িত্বপালন করেন সে ব্যাপারে গুরুত্বারোপ করেন অতিথিরা।
বৈঠকে প্যানেলিস্ট হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন, সংসদ সদস্য এডভোকেট নিপুন রায় চৌধুরী, চলচ্চিত্র অভিনেতা আশরাফ উদ্দিন আহমেদ (উজ্জ্বল), ওরাকলের কান্ট্রি ডিরেক্টর রুবাবা দৌলা, বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার রাশনা ইমাম, ডব্লিউএইচও এর প্রতিনিধি ডা. তৌহিদ ইসলাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন, ঢাবির সমাজকল্যাণ ইন্সটিটিউটের পরিচালক অধ্যাপক ডা. তাহমিনা আকতার, কালের কন্ঠের সম্পাদক হাসান হাফিজ, ওজিএসবির সভাপতি অধ্যাপক ফিরোজা বেগম, বাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টের মহাসচিব ডা. মো. নিজাম উদ্দিন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাহরীন আই খান, মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. সাইফুন নাহার, ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান অধ্যাপক কাজী গোলাম মোখলেসুর রহমান, ঢাবির বাংলা বিভাগের অধ্যাপক ড. শামীমা সুলতানা, অধ্যাপক ডা. সাকলায়েন রাসেল, সাংবাদিক মো. মাহতাব উদ্দিন।