নারায়ণগঞ্জের রূপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্যোগে আয়োজিত ফল উৎসবকে কেন্দ্র করে প্যান্ডেল ভাঙচুর, সরঞ্জাম ছিনতাই ও নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার দাবি করেছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
শনিবার (৬ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেন, আজ নারায়ণগঞ্জের রূপগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উদ্যোগে একটি ফল উৎসব অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু গতকাল আমাদের প্যান্ডেল ভেঙে দেওয়া হয়। আজ সকালে আমরা পুনরায় স্টেজ ও প্যান্ডেল নির্মাণ করলে তা আবারও ভেঙে দেওয়া হয় এবং মাইকসহ বিভিন্ন সরঞ্জাম ছিনতাই করা হয়। এ সময় হামলার ঘটনায় আমাদের নেতাকর্মীরা আহত হন এবং কয়েকজন রক্তাক্ত হয়েছেন।
তিনি আরও বলেন, মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার দাবি করছি। একই সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি আহ্বান জানাই, যেন তারা এ ধরনের দুষ্কৃতিকারীদের নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখেন এবং রাজনৈতিক সহিংসতার সংস্কৃতি বন্ধে সহযোগিতা করেন।