নারায়ণগঞ্জের কাঁচপুর, তারাবো বিশ্বরোড, রূপসী, বরপা ও ভুলতা মোড় এলাকায় আজ শনিবার (৬ জুন) রাত ৮টা থেকে রবিবার সকাল ৬টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। জরুরি ভিত্তিতে উচ্চচাপ গ্যাস সঞ্চালন পাইপলাইনের লিকেজ মেরামত কাজের কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শনিবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্ধারিত সময়ে মেরামত কাজ চলার কারণে সংশ্লিষ্ট এলাকায় গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে। একই সঙ্গে মুড়াপাড়া ও লক্ষণখোলা ডিআরএসের আওতাধীন এলাকাগুলোতে গ্যাসের চাপ কমে যেতে পারে।
ফলে ওইসব এলাকার আবাসিক, বাণিজ্যিক ও শিল্প গ্রাহকরা সাময়িকভাবে ভোগান্তির মুখে পড়তে পারেন।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, জরুরি মেরামত কাজ দ্রুত সম্পন্ন করে স্বাভাবিক গ্যাস সরবরাহ চালু করার চেষ্টা করা হবে। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশের পাশাপাশি প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।