ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলে ওয়াশিংটনের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, যুক্তরাষ্ট্র পরিস্থিতি শান্ত করার কোনো সদিচ্ছা দেখাচ্ছে না, বরং অ্যাডভেঞ্চারবাদী পদক্ষেপের মাধ্যমে আঞ্চলিক নিরাপত্তা ঝুঁকির মুখে ফেলছে।
শনিবার (৬ জুন) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা মেহর নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়, ইরানের দাবি অনুযায়ী সিরিক অঞ্চল ও কিশম দ্বীপে দেশটির উপকূলীয় রাডার ও নজরদারি স্থাপনায় যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে। এই হামলাকে যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছে তেহরান।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, এ ধরনের কর্মকাণ্ডের ফলে সৃষ্ট পরিণতির সম্পূর্ণ দায় যুক্তরাষ্ট্রকেই বহন করতে হবে।
এছাড়া মধ্যপ্রাচ্যের দেশগুলোকে প্রতিবেশীসুলভ নীতি অনুসরণ এবং কোনো শক্তিকে নিজেদের ভূখণ্ড ব্যবহার করে ইরানের বিরুদ্ধে আগ্রাসী কর্মকাণ্ড চালানোর সুযোগ না দিতে আহ্বান জানিয়েছে তেহরান।