বাজেট ও অর্থনীতি নিয়ে এমপিদের প্রশিক্ষণ দিল জামায়াত

আসন্ন বাজেট অধিবেশনে কার্যকর ভূমিকা রাখতে বাজেট ও অর্থনীতি বিষয়ে দলীয় সংসদ সদস্যদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ দিয়েছে প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী। গত শুক্র ও শনিবার রাজধানীর আল-ফালহ মিলনায়তনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। আগামী ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট পেশের প্রাক্কালে সংসদ সদস্যদের অর্থনৈতিক ও জননীতিবিষয়ক জ্ঞান ও সংসদীয় দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয় বলে জানিয়েছে দলটি। 

‘বাজেট, অর্থনীতি ও জননীতি: সংসদ সদস্যদের সক্ষমতা উন্নয়ন’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালাটির আয়োজন করে জামায়াতের কেন্দ্রীয় মানবসম্পদ বিভাগ। এতে সংরক্ষিণ মহিলা আসনসহ জামায়াতে ইসলামীর প্রতিনিধিত্বকারী ৭৭ জন সংসদ সদস্য (এমপি) অংশ নেন। এর আগে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনের প্রকাকালে গত ফেব্রুয়ারি মাসেও এমপিদের প্রশিক্ষণ দিয়েছিল দলটি। 

কর্মশালায় দেশের শীর্ষস্থানীয় অর্থনীতিবিদ, বাজেট বিশ্লেষক ও নীতি-নির্ধারকগণ মূল প্রবন্ধ উপস্থাপন করেন। ‘বাজেট, অর্থনীতি ও জননীতি: সংসদ সদস্যদের সক্ষমতা উন্নয়ন’ বিষয়ক বিশেষ সেশনগুলোতে দেশের বর্তমান সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি এবং জনকল্যাণমূলক বাজেট প্রণয়নের কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সংসদ সদস্যরা কীভাবে জাতীয় বাজেটের চুলচেরা বিশ্লেষণ করে সংসদে জনদাবিগুলো যৌক্তিকভাবে তুলে ধরতে পারেন, সে বিষয়ে বিশেষজ্ঞরা গুরুত্বপূর্ণ কৌশলগত পরামর্শ ও দিক-নির্দেশনা দেন।  

কর্মশালার বিভিন্ন সেশনে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি প্রধান অতিথি হিসেবে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন। এ সময় তিনি বলেন, ‘জনগণের প্রতিনিধি হিসেবে সংসদ সদস্যদের প্রতিটি সিদ্ধান্ত ও বক্তব্য হতে হবে গণমুখী। আসন্ন বাজেট অধিবেশনে দেশের সাধারণ মানুষের অর্থনৈতিক অধিকার রক্ষা এবং একটি কল্যাণমুখী রাষ্ট্র গঠনে আমাদের সংসদ সদস্যদের বলিষ্ঠ ও গঠনমূলক ভূমিকা পালন করতে হবে।’

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ। এ সময় তারা সংসদীয় রীতিনীতি ও আইন প্রণয়ন প্রক্রিয়ায় সংসদ সদস্যদের আরও দক্ষ ও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।