সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু কাল

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় তথা বাজেট অধিবেশন আগামীকাল রবিবার (৭ জুন) শুরু হচ্ছে। এটি বর্তমান ক্ষমতাসীন বিএনপি সরকারের প্রথম বাজেট অধিবেশন।

বিকেল ৩টায় রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে এ অধিবেশন বসবে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৭২(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে অধিবেশন আহ্বান করেছেন। জাতীয় সংসদ সচিবালয় এ তথ্য জানিয়েছে।

গত ৭ মে সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়ার সই করা এক বিজ্ঞপ্তিতে অধিবেশন আহ্বানের বিষয়টি জানানো হয়।

সংসদ সচিবালয় বলেছে, অধিবেশন পরিচালনার জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।

এ অধিবেশনেই ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট পেশ ও পাসের কার্যক্রম সম্পন্ন হবে। আগামী ১১ জুন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জাতীয় সংসদে নতুন অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন।

প্রতি বছর জুন মাসে জাতীয় বাজেটের ওপর আলোচনা ও অনুমোদনের জন্য সংসদের বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়। এ অধিবেশনেও নতুন অর্থবছরের আয়-ব্যয়ের পরিকল্পনা, উন্নয়ন কর্মসূচি এবং সরকারের অর্থনৈতিক লক্ষ্য নিয়ে আলোচনা করবেন সংসদ সদস্যরা।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন গত ১২ মার্চ শুরু হয়ে শেষ হয় ৩০ এপ্রিল।