ফেনীর দাগনভূঞায় সড়কের ওপর বাঁধা একটি বাঁশের সঙ্গে জড়িয়ে মো. হেদায়েতুল ইসলাম ইকবাল (২৪) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
শনিবার (৬ জুন) ভোরে উপজেলার মাতুভূঞা ইউনিয়নের মোমারিজপুর গ্রামের ‘নতুন বাড়ির দরজা’ এলাকায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত ইকবাল মোমারিজপুর গ্রামের মৃত আবদুল মুনাফের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে নিজ বাড়ির সামনের সড়কে মোটরসাইকেলসহ ইকবালকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তারা পুলিশে খবর দেন। খবর পেয়ে দাগনভূঞা থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। এ সময় ঘটনাস্থল থেকে একটি ডুলি বাঁশও উদ্ধার করা হয়।
এদিকে ইকবালকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন তার স্ত্রী মর্জিনা আক্তার হাসনা। তবে তাৎক্ষণিকভাবে তিনি এ ঘটনায় কাউকে সন্দেহভাজন হিসেবে উল্লেখ করতে পারেননি।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম নোমান জানান, বাঁশের সঙ্গে বাংলাদেশ ও আর্জেন্টিনার পতাকা বেঁধে মোটরসাইকেলে শোভাযাত্রা করার সময় পিচ্ছিল রাস্তায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। এ সময় গলায় পেছানো মালপত্রের সঙ্গে জড়িয়ে ইকবালের মৃত্যু হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তিনি আরও বলেন, ঘটনাটি দুর্ঘটনা নাকি হত্যাকাণ্ড—তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে। শনিবার রাত ১০টা পর্যন্ত এ ঘটনায় কোনো অভিযোগ পাওয়া যায়নি।