নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে আহত অন্তত ২০

নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কে উল্টে গিয়ে শিশু ও নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। 

শনিবার (৬ জুন) রাতে নড়াইল-যশোর মহাসড়কের পাসপোর্ট অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি। 

স্থানীয় সূত্রে জানা গেছে, যশোর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস ভাটিয়াপাড়ার দিকে যাচ্ছিল। পথিমধ্যে নড়াইলের নতুন বাস টার্মিনালসংলগ্ন পাসপোর্ট অফিসের সামনে পৌঁছালে চালক বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় বাসটি সড়কের পাশে উল্টে পড়ে যায়। এতে বাসে থাকা শিশু ও নারীসহ অন্তত ২০ জন যাত্রী আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

নড়াইল ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মো. হুমায়ুন কবির বলেন, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে তুলারামপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।