ফরিদপুরের বোয়ালমারীতে আম খাওয়ার প্রলোভন দেখিয়ে এক বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে (১৪) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে অভিযুক্তকে আটক করেছে বোয়ালমারী থানা পুলিশ। অভিযুক্তের নাম ফয়জুল্লাহ মোল্যা (৩২)। সে উপজেলার গুনবহা ইউনিয়নের চন্দনি গ্রামের সোলেমান মোল্যার ছেলে এবং তিন সন্তানের জনক।
জানা যায়, গত শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ফায়জুল্লাহ তার প্রতিবেশী এক বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে আম খাওয়ার প্রলোভন দেখিয়ে ঘরে নিয়ে দরজা আটকিয়ে ধর্ষণ করে। এ সময় মেয়েটির চিৎকার শুনে তার চাচি দৌড়ে গিয়ে মেয়েটিকে উদ্ধার করেন। স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় ফয়জুল। পরে স্থানীয়রা তাকে একটি বাড়িতে আটকে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক ও ভুক্তভোগীকে নিজেদের হেফাজতে নেয়।
পরিবার সূত্রে জানা যায়, বুদ্ধিপ্রতিবন্ধী মেয়েটির পিতা স্থানীয় একটি মসজিদের মুয়াজ্জিন ও মা বিভিন্ন বাড়িতে কাজ করেন। এ সুযোগে দীর্ঘদিন মেয়েটিকে উত্ত্যক্ত করে আসছিল ফয়জুল।
বোয়ালমারী থানার ওসি মো. আনোয়ার হোসেন জানান, বিকেলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করেছে। শনিবার সকালে তার শারীরিক পরীক্ষার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে। সেই সঙ্গে অভিযুক্তকে আদালতে পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি নিয়মিত মামলা প্রক্রিয়াধীন।