অ্যাম্বুলেন্সে বেশি ভাড়া নেওয়ার অভিযোগে গ্রেপ্তার ৭

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের রোগী বহনে সিন্ডিকেট করে অ্যাম্বুলেন্সে বেশি ভাড়া নেওয়া ও রোগীর স্বজনদের হয়রানির অভিযোগে ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুরে হাসপাতালের সামনে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ।

গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, দীর্ঘদিন ধরে একটি অসাধুচক্র রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের রোগী বহনে স্বজনদের জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায় এবং নির্দিষ্ট অ্যাম্বুলেন্স সার্ভিস নিতে বাধ্য করে আসছিল। শুধু তাই নয়, এ বিষয়ে কেউ প্রতিবাদ করলে চিকিৎসাসেবা গ্রহণেও নানা ভোগান্তির শিকার হচ্ছিলেন রোগী ও স্বজনরা। এমন অভিযোগের প্রেক্ষিতে মহানগর গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে ৭ জনকে গ্রেপ্তার করে।