দেশে ফিরল লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ২ বাংলাদেশির মরদেহ

লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত দুই বাংলাদেশির মরদেহ দেশে ফিরেছে। শনিবার (৭ জুন) দিবাগত রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহ গ্রহণ করতে আসেন তাদের স্বজনরা।

এ সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি জানান, লেবাননে বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে ১০ জন প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। এর মধ্যে সাতজনের মরদেহ দেশে ফিরিয়ে আনা হয়েছে। বাকি মরদেহও দ্রুত সময়ের মধ্যে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে।

দক্ষিণ লেবাননের নাবাতিয়ে জেলার জিবদিন এলাকায় ইসরায়েলের ড্রোন হামলায় নিহত হন লেবাননপ্রবাসী শফিকুল ইসলাম ও নাহিদুল ইসলাম। তাদের দুজনেরই গ্রামের বাড়ি সাতক্ষীরা।

গত ১১ মে  দুপুরে তারা নিহত হন। শফিকুল সাতক্ষীরা সদর উপজেলার ভালুকা চাঁদপুর গ্রামের আফসার আলীর ছেলে আর নাহিদ আশাশুনি উপজেলার কাদাকাটি গ্রামের আব্দুল কাদেরের ছেলে।