রামিসা হত্যা মামলার রায়ে সন্তোষ প্রকাশ করেছেন শিশুটির বাবা আব্দুল হান্নান মোল্লা। তিনি বলেছেন, ‘আমরা প্রত্যাশিত রায় পেয়েছি। এখন চাই দ্রুত এ রায় কার্যকর হোক।’
রবিবার (৭ জুন) রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার মামলায় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দেন ঢাকা মহানগর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন। রায় ঘোষণার পর আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রামিসার বাবা।
তিনি বলেন, ‘এই রায়ে আমাদের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে। আমি শতভাগ সন্তুষ্ট। নির্ধারিত সময়ের মধ্যেই আমরা কাঙ্ক্ষিত বিচার পেয়েছি। বিচারক, পুলিশ প্রশাসন, গণমাধ্যমকর্মী এবং কঠিন সময়ে যারা আমাদের পাশে ছিলেন, সবার প্রতি কৃতজ্ঞতা জানাই।’
রামিসার বাবা আরও বলেন, ‘আমার মেয়ের হত্যার বিচার আদালত করেছেন। এখন আমরা চাই, যত দ্রুত সম্ভব এই রায় কার্যকর করা হোক।’