সূর্যবংশীকে নিয়ে বিরাট কোহলি ও আগারকার যা বললেন

আইপিএল ২০২৬-এর ফাইনাল ম্যাচ শেষে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে এক অভূতপূর্ব দৃশ্যের সাক্ষী হয়েছিল ক্রিকেটবিশ্ব। গুজরাট টাইটানসকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জয়ের পর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কিংবদন্তি বিরাট কোহলি নিজে এগিয়ে যান রাজস্থান রয়্যালসের ১৫ বছর বয়সী ওপেনার বৈভব সূর্যবংশীর দিকে। আরসিবির অফিশিয়াল হ্যান্ডেলে শেয়ার করা একটি ভিডিওতে দেখা যায়, কোহলি এই তরুণ সেনসেশনের কাঁধে হাত রেখে দীর্ঘক্ষণ কথা বলছেন এবং গুরুত্বপূর্ণ পরামর্শ দিচ্ছেন।

কিংবদন্তি কোহলির সাথে সেই বিশেষ মুহূর্ত নিয়ে এবার মুখ খুলেছেন বৈভব সূর্যবংশী। রাজস্থান রয়্যালসের টিম ম্যানেজার রোমি ভিন্দারকে দেওয়া এক সাক্ষাৎকারে এই কিশোর আবেগাপ্লুত হয়ে বলেন, 'আমি আগে থেকেই আরসিবির এবং বিশেষ করে বিরাট কোহলির মস্ত বড় ফ্যান ছিলাম। বিরাট ভাইয়া যখন আমার কাঁধে হাত রেখে কথা বলছিলেন, তখন মনে হচ্ছিল যেন কোনো স্বপ্ন সত্যি হলো। তার কথা বলার ধরন দেখে মনেই হয়নি তিনি বিরাট কোহলি, তিনি আমার সাথে একজন বড় ভাইয়ের মতো কথা বলছিলেন। তিনি আমাকে বুঝিয়ে দিলেন আমার কী করা উচিত এবং এখন কোথায় ফোকাস রাখা দরকার।'

আইপিএল ম্যাচে বৈভব সূর্যবংশীর ব্যাটিং

কোহলি এই তরুণকে বাইরের সমালোচনা ও আলোচনা দূরে ঠেলে কেবল নিজের কঠোর পরিশ্রম ও আত্মবিশ্বাসের ওপর ভরসা রাখার পরামর্শ দেন। কোহলি বৈভবকে বলেন, 'তোমাকে এখান থেকে আরও উঁচুতে যেতে হবে। তুমি যা অর্জন করেছ, তা তোমার কঠোর পরিশ্রম আর নিজের ওপর বিশ্বাসের কারণেই পেয়েছ। কে কী করছে বা কীভাবে করছে, সেদিকে একদম কান দেবে না।" কথোপকথন শেষে কোহলি হাসিমুখে বৈভবকে উদ্দেশ্য করে হিন্দি প্রবাদ আওড়ে বলেন, “এক বিহারী সব পে ভারী”

‘ওকে দলে নিতে আমরা বাধ্য হয়েছি’ — প্রধান নির্বাচক অজিত আগারকার

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ১৭৫ রান করে বছর শুরু করা বৈভব আইপিএলেও তার অতিমানবীয় ফর্ম ধরে রাখেন। পুরো টুর্নামেন্টে ২৩৭.৩১ স্ট্রাইক রেটে ৭৭৬ রান করার পাশাপাশি তিনি এক আসরে ক্রিস গেইলের সর্বোচ্চ ছক্কার রেকর্ডও ভেঙে দেন। জাসপ্রিত বুমরাহ, প্যাট কামিন্সদের মতো বিশ্বসেরা বোলারদের প্রথম বলেই ছক্কা হাঁকানো এই ব্যাটার টুর্নামেন্টে জিতেছেন অরেঞ্জ ক্যাপ, মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার ও সুপার স্ট্রাইকারের মতো ৫টি শীর্ষ পুরস্কার।

আইপিএলের এই বিস্ফোরক পারফরম্যান্সের পুরস্কার হিসেবে আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরের জন্য ভারতের সিনিয়র টি-টোয়েন্টি দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন বৈভব। ভারতের প্রধান নির্বাচক অজিত আগারকার বৈভবকে দলে নেওয়ার ব্যাখ্যায় বলেন, 'তার পারফরম্যান্সই আমাদের তাকে দলে নিতে প্রায় বাধ্য করেছে। সে যেভাবে খেলেছে, তাতে তাকে উপেক্ষা করা কঠিন। একজন অল্পবয়সী ক্রিকেটারের জন্য এত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও চাপপূর্ণ একটি টুর্নামেন্টে ধারাবাহিকভাবে ভালো করা, বিস্ফোরক ব্যাটিং করা এবং ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা দেখানো সত্যিই অসাধারণ। প্লে-অফের দিকে সে প্রায় একাই রাজস্থান রয়্যালসকে টেনে নিয়ে গেছে।'

আইপিএল ম্যাচে সূর্যবংশী ও হেটমায়ার। ফাইল ছবি

ভবিষ্যতে লাল বলের ক্রিকেট বা অন্য ফরম্যাটের জন্য তাকে বিবেচনা করা হবে কি না, জানতে চাইলে আগারকার জানান যে এখনই তাড়াহুড়ো করার কিছু নেই। ঘরোয়া মৌসুমে সে লাল বলের ক্রিকেট খেললে তা পর্যবেক্ষণ করা হবে, তবে আপাতত টিম ম্যানেজমেন্টের পুরো মনোযোগ কেবল টি-টোয়েন্টিতেই বৈভবের প্রতিভার সঠিক ব্যবহারের ওপর।

অরেঞ্জ ক্যাপ জয়ের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বৈভব বলেন, 'আমি যখনই টিভিতে আইপিএল দেখতাম, অরেঞ্জ ক্যাপটা দেখলেই মনে হতো— ইস! যদি একবার ছুঁয়ে দেখতে পারতাম কেমন লাগে। এখন আমি নিজেই এটা জিতেছি, অনুভূতিটা দারুণ।'

১৫ বছরের এই বিস্ময় বালকের ইংল্যান্ড সফরের জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড একটি বিশেষ ব্যবস্থাও করেছে, যেখানে তার অল্প বয়সের কথা বিবেচনা করে এই সফরে তার বাবা-মাকেও সাথে থাকার অনুমতি দেওয়া হয়েছে। আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে আন্তর্জাতিক মঞ্চে এই 'বিস্ময় বালক' নিজের জাত কতটুকু চেনাতে পারেন, এখন সেটাই দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।