দেশে ফিরেছেন ৩৭ হাজার ৪৩৫ হাজি

পবিত্র হজব্রত পালন শেষে সৌদি আরব থেকে শনিবার (৬ জুন) পর্যন্ত মোট ৩৭ হাজার ৪৩৫ জন হাজি দেশে ফিরেছেন। এই সময়ের মধ্যে সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে মারা গেছেন ৪৮ জন বাংলাদেশি।

ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের দৈনিক বুলেটিনের তথ্য অনুযায়ী, আজ রবিবার (৭ জুন) আরও ৯টি ফ্লাইটে ৩ হাজার ৬৪৬ জন হাজি দেশে ফেরার কথা রয়েছে। এর ফলে মোট হজ যাত্রীর অর্ধেকেরও বেশি দেশে ফিরে আসবেন। ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালে আইটি হেল্প ডেস্ক প্রকাশিত সবশেষ দৈনিক বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

বুলেটিনের তথ্য অনুযায়ী, দেশে ফেরা ৩৭ হাজার ৪৩৫ হাজির মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৩২৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৩৪ হাজার ১০৭ জন রয়েছেন। আর ফিরতি যাত্রী পরিবহনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১৪ হাজার ৬০ জন, সৌদি এয়ারলাইন্স ১৪ হাজার ২৪১ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ৭ হাজার ৭০০ জন হাজি পরিবহন করেছে।

এখন পর্যন্ত মোট ৮৯টি ফিরতি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৩৪টি, সৌদি এয়ারলাইন্স ৩৫টি এবং ফ্লাইনাস ২০টি ফ্লাইট পরিচালনা করেছে।

অন্যদিকে, সৌদি আরবে এখন পর্যন্ত ৪৮ বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৩২ জন পুরুষ ও ১৬ জন নারী। মারা যাওয়াদের মধ্যে মক্কায় ৩৫ জন, মদিনায় ১২ ও জেদ্দায় একজন মারা গেছেন।
 
এ ছাড়া, সৌদি আরবের বিভিন্ন স্থানীয় হাসপাতালে মোট ৩৯৮ জন হাজি চিকিৎসা নিয়েছেন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ২২ জন হাজি।

এ বছর বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজযাত্রীর কোটা নির্ধারণ করা হয়। হজযাত্রীদের সৌদি আরবগামী প্রথম ফ্লাইট ছিল ১৮ এপ্রিল এবং শেষ ফ্লাইট ২১ মে।

অন্যদিকে ফিরতি ফ্লাইট কার্যক্রম শুরু হয়েছে ৩০ মে থেকে, যা চলবে আগামী ৩০ জুন পর্যন্ত।