সরাসরি বিশ্বকাপের খেলা দেখাবে বিটিভি

আসন্ন ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ ফুটবলের সমস্ত মিডিয়া স্বত্ব বা ‘অল মিডিয়া রাইটস’ নিচ্ছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। এ জন্য সরকারের ৭২ কোটি ৭০ লাখ ৫৭ হাজার ৬৯২ টাকা ব্যয় হবে। এর ফলে সরকারি টেলিভিশন চ্যানেল হিসেবে বিটিভি সরাসরি ফিফা থেকে এই সম্প্রচার স্বত্ব পাওয়ায় দেশের ফুটবল ভক্তরা সহজেই বিশ্বকাপের খেলাগুলো দেখার সুযোগ পাবেন।

রবিবার (৭ জুন) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এ বিষয়ক প্রস্তাব সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভায় অনুমোদন দেওয়া হয়েছে। অর্থমন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। সভায় সভাপতিত্ব করেন, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ প্রস্তাবটি উত্থাপন করা হয়। সরাসরি ক্রয় প্রক্রিয়ায় (ডিপিএম) আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন (ফিফা) থেকে এই স্বত্ব কেনা হচ্ছে। এ জন্য বিটিভি বা সরকারের মোট ৭২ কোটি ৭০ লাখ ৫৭ হাজার ৬৯২ টাকা ব্যয় হবে।

সভায় প্রথমে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি প্রস্তাবটির নীতিগত অনুমোদন দেয়। এরপর সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি বিস্তারিত পর্যালোচনার পর প্রস্তাবটি চূড়ান্ত অনুমোদনের জন্য সুপারিশ করেছে।