মোংলা বন্দরের নতুন চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোস্তফা

রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা মোংলা বন্দরের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন। তিনি রিয়ার অ্যাডমিরাল শাহীন রহমানের স্থলাভিষিক্ত হলেন।

আজ রবিবার (৭ জুন) দুপুরে মোংলা বন্দর কর্তৃপক্ষের উপপরিচালক নাহিদ হাসান এ তথ্য জানান।

নাহিদ হাসান বলেন, আনুষ্ঠানিকভাবে মোংলা বন্দরে নবনিযুক্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা।

ইতিপূর্বে তিনি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান পদে কর্মরত ছিলেন। মোংলা বন্দর কর্তৃপক্ষে যোগদানের পর সব সদস্য, বিভাগীয় প্রধানসহ কর্মকর্তা-কর্মচারীরা এক মতবিনিময় সভায় অংশ নেন।

মোংলা বন্দরের নবাগত চেয়ারম্যান রিয়ার এডমিরাল আরিফ আহমেদ মোস্তফা  ১৯৯০ সালে বাংলাদেশ নৌবাহিনীতে যোগদান করেন এবং ১৯৯২ সালে বাংলাদেশ নৌবাহিনীর নির্বাহী শাখায় কমিশন লাভ করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞানে স্নাতক এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস (বিইউপি) থেকে মিলিটারি স্টাডিজে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি ডিএসসিএন্ডএসসি মিরপুর, ন্যাশনাল ডিফেন্স কলেজ, মিরপুর এবং ন্যাশনাল ডিফেন্স কলেজ, নাইজেরিয়ার উচ্চ শিক্ষা গ্রহন করেছেন।

রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা তাঁর ৩০ বছরের বর্ণাঢ্য কর্মজীবনে বিভিন্ন কমান্ড, প্রশিক্ষক এবং স্টাফ অফিসার হিসেবে ব্যাপক অভিজ্ঞতা অর্জন করেছেন। তিনি একজন অভিজ্ঞ কর্মকর্তা যিনি বাংলাদেশ নৌবাহিনীর দুটি ফ্রিগেট, যথা বানৌজা ওমর ফারুক এবং বানৌজা সমুদ্র জয়ের ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বানৌজা দুর্জয়ের কমিশনিং ক্যাপ্টেন এবং বানৌজা ওমর ফারুকের ডিকমিশনিং ক্যাপ্টেন ছিলেন। রিয়ার এডমিরাল আরিফ আহমেদ মোস্তফা প্যাট্রোল ক্রাফট বানৌজা ফরিদ, তিস্তা, মেঘনা, এলপিসি বানৌজা দুর্জয়, ওপিভি বানৌজা এসআর আমিন এবং নৌঘাঁটি বানৌজা হাজী মহসিনের ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-র চেয়ারম্যান পদে কর্মরত ছিলেন।