গাজীপুরের শ্রীপুর পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাবেক সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান মারা গেছেন। তার মৃত্যুর খবর শোনার পর শোকাহত হয়ে ছোট বোন রাশিদা বেগমও হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন।
রবিবার (৭ জুন) ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আনিছুর রহমানের মৃত্যু হয়। পরিবারের সদস্যরা বিষয়টি নিশ্চিত করেছেন।
পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ডায়াবেটিসসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন আনিছুর রহমান। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়। পরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
আনিছুর রহমান শ্রীপুর পৌরসভার মাধখলা গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি একাধিকবার পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন এবং শ্রীপুর কলেজের সাবেক ভিপি হিসেবেও পরিচিত ছিলেন।
তার মৃত্যুর খবর জানার পর পরিবারের সদস্যরা গভীর শোকে ভেঙে পড়েন। পরে খবর ছড়িয়ে পড়লে ছোট বোন রাশিদা বেগম হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান বলে পারিবারিক সূত্রে দাবি করা হয়।
আগামীকাল (৮ জুন) বেলা ১১টায় নিজ বাড়িতে তাদের জানাজা অনুষ্ঠিত হবে।