‘নিশি’ এবার মন্টেনিগ্রো উৎসবে

আবারও আন্তর্জাতিক অঙ্গনে বড় সাফল্যের দেখা পেল বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নিশি’। এমি অ্যাওয়ার্ডজয়ী এই সিনেমাটি এবার দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশ মন্টেনিগ্রোর মর্যাদাপূর্ণ গ্রিন মন্টেনিগ্রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ১২তম আসরের মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নিয়েছে। আগামী ১ থেকে ৩ আগস্ট মন্টেনিগ্রোর জাবলজাক পৌরসভায় ইউনেসকোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট দুরমিতর ন্যাশনাল পার্কের ব্ল্যাক লেকের তীরে অনুষ্ঠিত হবে উৎসবটি।

আয়োজকদের তথ্য মতে, এটি দেশটির একমাত্র পরিবেশভিত্তিক চলচ্চিত্র উৎসব এবং বিশ্বের উল্লেখযোগ্য পরিবেশবাদী চলচ্চিত্র উৎসবগুলোর অন্যতম। উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে বাংলাদেশের ‘নিশি’ প্রদর্শিত হবে, যা আন্তর্জাতিক দর্শকদের সামনে দেশের একটি গুরুত্বপূর্ণ সামাজিক বাস্তবতার গল্প তুলে ধরবে।

ইন্টারন্যাশনাল একাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়ার প্রযোজনায় নির্মিত ‘নিশি’ চলচ্চিত্রটি তৈরি হয়েছে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশ, গ্রিন ফিল্ম স্কুল অ্যালায়েন্স এবং ইউনেসকো ঢাকার সহযোগিতায়।

সিনেমাটি যৌথভাবে পরিচালনা করেছেন গোলাম রাব্বানী ও জহিরুল ইসলাম। এর গল্পে উঠে এসেছে পানির সংকটে বিপর্যস্ত একটি চা-শ্রমিক পরিবারের জীবনসংগ্রাম। পরিবারের কিশোরী মেয়ে নিশির পড়াশোনা বন্ধ হয়ে যায়, আর সেই সুযোগে বাড়িতে টিউবওয়েল বসানোর প্রলোভন দেখিয়ে এক কাঠ ব্যবসায়ী তাকে বিয়ে করতে চায়। এই সামাজিক বাস্তবতাকে কেন্দ্র করেই এগিয়ে যায় চলচ্চিত্রের কাহিনি। বিশেষ দিক হলো, ছবিটিতে অভিনয় করেছেন চা-বাগানের শ্রমিক পরিবারের সদস্যরাই।